বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাবনা বাতিল ও সংশোধনী কমিটির প্রত্যাহার চেয়ে ঢাকা লিগ প্রত্যাহার করেছিল ক্লাবগুলো। দুইদিন আগে বোর্ড সভাতে ক্লাবগুলোর দাবি মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। দাবি মেনে নেওয়াতে ক্লাবগুলো তাদের অবস্থান থেকে সরে আসে। যার কারণে প্রথম বিভাগ ক্রিকেট শুরু নিয়ে যে অনিশ্চয়তা ছিল, সেটি কেটে গেছে।
চলতি মাসের ২০ তারিখে প্রথম বিভাগ ক্রিকেট শুরুর কথা থাকলেও সেটি হয়নি। সব কিছু ঠিক হওয়াতে আগামী ৩০ জানুয়ারি লিগ শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আপাতত ক্লাবগুলোর দাবি মেনে সংশোধনী বিষয়ক কার্যক্রম ও কমিটি স্থগিত করায় মাঠে ফিরছে ক্রিকেট। প্রথম বিভাগ ক্রিকেট লিগ ৯ দিন পর মাঠে গড়াচ্ছে। যেটি শুরু হওয়ার কথা ছিল ২০ জানুয়ারি। সোমবার ক্লাবগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্তের কথা জানান বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের চেয়ারম্যান সালাউদ্দিন চৌধুরী, ‘সিদ্ধান্তটা হচ্ছে আমরা লিগটা শুরু করছি। কালকে (মঙ্গলবার) ট্রফি উন্মোচন হবে। আম্পায়ারস ব্রিফিং যেটা হয় ক্যাপ্টেন্স এন্ড ম্যানেজারদের জন্য সেটিও হবে। বৃহস্পতিবার ৩০ তারিখ (জানুয়ারি) লিগ শুরু হবে।’
সালাউদ্দিন আরও বলেছেন, ‘আমাদের যেহেতু সময়ের স্বল্পতা আছে। প্রিমিয়ার ডিভিশন ও কোয়ালিফাইং আছে, এটা নিয়ে আলোচনা হয়েছে। এটা কোনও সভা না, মতবিনিময়।’
আগামী মার্চে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরুর সম্ভাবনার কথা উল্লেখ্ করে সালাউদ্দিন বলেছেন, ‘আমরা সাধারণত বিপিএলের সময়টায় প্রথম বিভাগ আয়োজন করি। বিপিএল শেষ হতে হতে প্রথম বিভাগ শেষ হয়ে যায়, বিপিএলের পর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করি। এবার বিপিএলের সূচি একটু এগিয়ে আসায় আর প্রথম বিভাগ একটু দেরিতে শুরু হওয়ায় প্রিমিয়ার লিগ সময় মতো শুরু করতে পারছি না, একটু পিছিয়ে যাচ্ছে। আমাদের একটা পরিকল্পনা আছে নির্দিষ্ট সময়ে প্রিমিয়ার লিগ শুরু করতে চাই, তখন দুইটা লিগ একসঙ্গে চলবে। প্রথম বিভাগ চলবে, প্রিমিয়ার লিগও চলবে। শুরুর সম্ভাব্য সময় ফেব্রুয়ারির শেষে, যেহেতু ফেব্রুয়ারি ২৮ দিনের, তখন হয়তো ১ মার্চ শুরু হতে পারে। সেটা চূড়ান্ত করা হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রিমিয়ারে ওঠা দলগুলোর সঙ্গে বৈঠকে বসার পর।’
তিন দিনের আল্টিমেটামের পর গত ১৮ জানুয়ারি বিকালে বিসিবি কার্যালয়ে প্রেসিডেন্ট ফারুক আহেমেদের সঙ্গে বৈঠকে বসেন ক্লাবের প্রতিনিধিরা। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ক্রীড়া সংগঠক রফিকুল ইসলাম বাবু ও লুতফর রহমান বাদল। ওই সময় বাদল বলেছিলেন, ‘এটা স্পষ্ট, দাবি না মানা পর্যন্ত আমরা খেলবো না। খেলা থেকে বিরত থাকবো। আমরা খেলার পক্ষে, আমাদের বিরুদ্ধে যে ষড়ন্ত্রমূলক কার্যক্রম চলছে, এগুলো বন্ধ না হওয়া পর্যন্ত আমরা ক্রিকেটের সঙ্গে নেই এবং ভবিষ্যতেও থাকবো না।’









