চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা খেলো অস্ট্রেলিয়া। আট দলের এই ওয়ানডে টুর্নামেন্টে মিচেল মার্শকে পাচ্ছে না তারা। হার্ড হিটিং এই অলরাউন্ডার পিঠের চোট পেয়েছিলেন ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ চলাকালে। তবুও তাকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। পুনর্বাসন চলছিল তার। কিন্তু চোটের অবস্থার অবনতি হওয়ায় তাকে বাদ দিতে হলো।
আগামী কয়েক দিনের মধ্যে ৩৩ বছর বয়সীর স্থলাভিষিক্ত ঘোষণা করবে অস্ট্রেলিয়ার নির্বাচন প্যানেল।
ক্যারিয়ারে বহুবার চোটে পড়েছেন মার্শ। সম্প্রতি ভারতের বিপক্ষে পিঠের সমস্যার কথা জানান। তারপরও বোলিং কমিয়ে সিরিজে খেলে গেছেন। সিডনিতে সিরিজের শেষ ম্যাচে বেউ ওয়েবস্টারের কাছে জায়গা হারান তিনি।
জানা গেছে, পুনর্বাসন কর্মসূচি চলাকালে তার চোটের অবস্থার অবনতি হয়েছে। তাতে করে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড থেকে তাকে বাদ দিতে বাধ্য হয়েছে জাতীয় নির্বাচক প্যানেল।
মেলবোর্নে শেষবার টেস্ট খেলা মার্শ গত ৭ জানুয়ারি বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে একমাত্র ম্যাচ খেলেন, মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে ডাক মারেন তিনি।
প্যাট কামিন্সও বর্তমানে চোটে থাকায় পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে দলের নেতৃত্বে মার্শকে দেখার সম্ভাবনা ছিল। এখন কামিন্স যদি না ফেরেন, তবে স্টিভ স্মিথকেই অধিনায়কত্ব করতে দেখা যাবে।









