অ্যান্ডি বালবির্নি ও লরকান টাকারের ফিফটিতে দ্বিতীয় ইনিংসে তিনশ পার করার আভাস দিয়েছিল আয়ারল্যান্ড। রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে তা হয়নি। তবে ২৯২ রানের লক্ষ্যে খেলতে নেমে শেষ বিকালে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে জিম্বাবুয়ে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৩৮ রানে বুলাওয়ে টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ করেছে জিম্বাবুয়ে। এখনও ২৫৪ রানের দরকার তাদের। অন্যদিকে আয়ারল্যান্ডের চাই ৭ উইকেট। একমাত্র টেস্টে এগিয়ে আইরিশরাই।
১ উইকেটে ৮৩ রানে শনিবারের খেলা শুরু করেছিল আয়ারল্যান্ড। বালবির্নি ৩২ ও কুর্টিস ক্যাম্ফার ১৪ রানে অপরাজিত ছিলেন। ক্যাম্ফার (৩৯) আউট হলে ভাঙে ৭৫ রানের জুটি। হাফ সেঞ্চুরি পেরিয়ে বেশিদূর যেতে পারেননি বালবির্নি। ৬৬ রানে থামেন তিনি।
সেভাবে আর বড় কোনও জুটি হয়নি আইরিশদের। টাকার ৫৮ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন। ২৯৮ রানে অলআউট হয় আয়ারল্যান্ড।
এনগারাভা সর্বোচ্চ চার উইকেট নেন জিম্বাবুয়ের পক্ষে। দুটি করে পান ট্রেভর গোয়ান্ডু ও ওয়েসলি মাধেভেরে।
লক্ষ্যে নেমে ১৪ রানের ব্যবধানে প্রথম তিন ব্যাটারকে হারায় জিম্বাবুয়ে। ৩২ রানে ব্রায়ান বেনেট ও গোয়ান্ডু জুটি বেঁধে ৬ রান যোগ করে অপরাজিত আছেন।









