তালেবান শাসনে আফগানিস্তানের নারীদের প্রতি বৈষম্যের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা তাদের ক্রিকেট দলকে ম্যাচ বয়কটের ডাক দিয়েছিল। দুই দেশের এই আহ্বান কয়েকদিন খবরের শিরোনাম হলেও ম্যাচ যথারীতি হচ্ছে। শুক্রবার ‘বি’ গ্রুপের খেলায় আফগানিস্তান প্রথম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার সঙ্গে। দলটির অধিনায়ক হাসমতউল্লাহ শহীদী বললেন, অন্য দেশগুলোর বয়কটের ডাকে তারা প্রভাবিত হয়নি।
গত মাসে ব্রিটিশ রাজনীতিকরা ইংল্যান্ডকে আফগানিস্তান ম্যাচ বয়কটের দাবি জানান। তাদেরকে সমর্থন দেন দক্ষিণ আফ্রিকা ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাককেঞ্জিও। কিন্তু দুই দেশের ক্রিকেট দল তা নাকচ করে দিয়েছে।
এনিয়ে সংবাদ সম্মেলনে হাসমতউল্লাহর চোখেমুখে কোনও উদ্বেগ দেখা যায়নি, ‘আমরা শুধু মাঠের ভেতরের ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করতে পারি, আমাদের কাজ সেটা। অন্য বিষয়গুলো আমাদের চাপে রাখতে পারে না।’
আগামী ২৬ ফেব্রুয়ারি লাহোরে ইংল্যান্ড এবং দুই দিন প একই ভেন্যুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে আফগানিস্তান। আপাতত খেলার দিকেই মনোযোগ হাসমতউল্লাহর, ‘পুরো বিশ্ব জানে আমরা ভালো খেলছি, বিশেষ করে গত তিন বছর। তাই আমরা আমাদের খেলার দিকেই মনোযোগ দিচ্ছি এবং যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোতেই মন আমাদের।’
আফগানিস্তান এর আগে তিন সাবেক চ্যাম্পিয়নকে চমকে দিয়েছিল। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড, পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারায় তারা। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এই দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল।
অবশ্য প্রোটিয়াদের পেয়ে নির্ভার থাকছে আফগানরা। অধিনায়ক বললেন, ‘সম্প্রতি আমরা দক্ষিণ আফ্রিকাকে শারজাতে হারিয়েছিলাম। সেই আত্মবিশ্বাস আমাদের আছে, আমরা কোনও চাপে নেই।’
ট্রফি জিততে চান হাসমতউল্লাহ, ‘আমরা খুব ভালো করছি, তাই আমরা এখানে ফাইনাল জিততে চাই। এখানে শুধু অংশ নিতে আসিনি। এই ইভেন্ট জেতার মতো শতভাগ সামর্থ্য আমাদের আছে।’









