পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজের সবগুলো ম্যাচ জিতেছিল নিউজিল্যান্ড। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে আট জাতির টুর্নামেন্টেও পাকিস্তানকে হারিয়ে শুভ সূচনা হয়েছে তাদের। দ্বিতীয় ম্যাচে সোমবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ, যারা হেরে গেছে ভারতের কাছে। এই ম্যাচেও সাম্প্রতিক সাফল্যের আত্মবিশ্বাস ধরে রেখে নিউজিল্যান্ড ধারাবাহিকতা ধরে রাখবে বিশ্বাস অধিনায়ক মিচেল স্যান্টনারের। তবে বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে সতর্ক তিনি।
পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে তিন জাতির সিরিজে হারিয়ে করাচিতে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
বাংলাদেশের বিপক্ষে খেলা রাওয়ালপিন্ডিতে। পাকিস্তানে এবার এসে লাহোর ও করাচিতেই খেলেছে নিউজিল্যান্ড। নতুন ভেন্যুতে নামার আগে স্যান্টনার বললেন, ‘আমরা যে অবস্থানে আছি, সেটা দারুণ। ত্রিদেশীয় সিরিজে আমরা অবশ্যই দারুণ করেছি এবং এখন বাংলাদেশে ম্যাচে ছেলেরা অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলবে।’
তবে সতর্ক এই অলরাউন্ডার, ‘এটা সম্ভবত নতুন শুরু (বাংলাদেশের বিপক্ষে)। কারণ এটা ভিন্ন মাঠ, ভিন্ন দল। কিন্তু আমি মনে করি ছেলেরা যেভাবে পারফর্ম করছে তা সন্তোষজনক।’
বাংলাদেশের বোলিং আক্রমণ নিয়ে স্যান্টনার বলেছেন, ‘আমি মনে করি তারা এই মুহূর্তে খুব ভালো দল। তাদের স্পিন বিভাগ সবসময় পরিপূর্ণ। কিন্তু এখন তাদের বোলিং আক্রমণে খুব ভালো পেসাররাও এসেছে।’
সাকিব আল হাসান না থাকলেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মনে করছেন স্যান্টনার, ‘আমরা দেখেছি দীর্ঘদিন ধরে সাকিব কত ভালো বোলার। কিন্তু এখন তাদের দলে এসেছে রিশাদ (হোসেন), সে খুব ভালো লেগস্পিনার। মিরাজও দারুণ। মাহমুদউল্লাহ যদি খেলে, ভালো ওভার করতে পারে। আমি মনে করি এই মুহূর্তে তাদের ভারসাম্য ভালো।’









