চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে ভারতের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না পাকিস্তানের। কিন্তু দুবাইয়ে ৬ উইকেটের হারে সেই আশা কার্যত শেষ হয়ে গেছে। পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও সেটা স্বীকার করে নিয়েছেন যে, চ্যাম্পিয়ন্স ট্রফি ধরে রাখার স্বপ্ন চূর্ণ হয়ে গেছে। তার পরেও কাগজে-কলমে কিছুটা সম্ভাবনা টিকে আছে। সেজন্য তাদের তাকিয়ে থাকতে হবে গ্রুপ সঙ্গী বাংলাদেশ, নিউজিল্যান্ডের দিকে!
রাওয়ালপিন্ডিতে সোমবার ‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশ-নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এই ম্যাচে জিতলে সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। তখন পাকিস্তানের বিদায়ও পুরোপুরি নিশ্চিত হবে। রিজওয়ান তাই এই ম্যাচের দিকে তাকিয়ে। ভারতের বিপক্ষে পরাজয়ের পর বলেছেন, ‘হ্যাঁ, আমি বলবো আশা শেষ। এটাই বাস্তবতা। পরের ম্যাচে বাংলাদেশ নিউজিল্যান্ডের সঙ্গে কী করে এবং তার পরের ম্যাচে নিউজিল্যান্ড ভারতের সঙ্গে কী করে সেটাই দেখতে হবে। কী করার আছে? এটা লম্বা সফর। আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফি ভাগ্য এখন অন্যদের ওপর নির্ভর করছে। অধিনায়ক হিসেবে আমার বিষয়টা মোটেও ভালো লাগছে না।’
রিজওয়ান আক্ষেপ করে বলেছেন, ‘যদি নিজেরা কিছু করতে পারতাম, তখন বিষয়টা অন্যরকম হতো। আমরা নিউজিল্যান্ড, ভারতের বিপক্ষে হারের বিষয়টা মেনে নিচ্ছি। কিন্তু অন্যদের ফলাফল দেখার জন্য বসে থাকতে চাই না।’
পাকিস্তান তাদের ঘরের মাঠে আইসিসি ইভেন্ট আয়োজন করছে প্রায় তিন দশক পর। সর্বশেষ ১৯৯৬ বিশ্বকাপ শ্রীলঙ্কা, ভারতের সঙ্গে আয়োজন করেছিল যৌথভাবে। রিজওয়ানরা আবার ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেই এই টুর্নামেন্ট খেলতে নেমেছিল।








