দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ বোলিং করলো নিউজিল্যান্ড। শক্তিশালী ব্যাটিং ইউনিট নিয়েও ভারত অপ্রত্যাশিতভাবে আড়াইশর আগেই থামলো। ম্যাট হেনরির পাঁচ উইকেটে তাদেরকে ২৪৯ রানে আটকে দিয়েছে কিউইরা।
আগে ব্যাটিংয়ে নেমে কঠিন পরীক্ষা দিতে হয়েছে ভারতকে। অন্য সময়ের মতো হেনরি দ্রুত উইকেট নিয়ে তাদের ব্যাটিং লাইনকে নাড়িয়ে দেন। এর মধ্যে গ্লেন ফিলিপসের অসাধারণ ক্যাচে বিরাট কোহলির ৩০০তম ওয়ানডে স্মরণীয় হতে দেয়নি কিউইরা।
শ্রেয়াস আইয়ার অক্ষর প্যাটেলকে নিয়ে দলকে উদ্ধার করেন। নিজের ইনিংসও এগিয়ে নেন তিনি। কিন্তু ডেথ ওভারে চাপ বাড়তে থাকে। হেনরি প্রথমবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েন।
পাওয়ার প্লেতে ৩০ রানে তিন উইকেট হারায় ভারত। শুবমান গিল (২) ও কোহলিকে (১১) ফেরান হেনরি। রোহিত শর্মা ১৫ রান করে কাইল জেমিসনের শিকার হন।
অক্ষরকে নিয়ে শ্রেয়াস ৯৮ রানের জুটি গড়ে ইনিংস মেরামত করেন। রাচিন রবীন্দ্র বল হাতে নিয়ে ব্রেকথ্রু আনেন। অক্ষর ৪২ রানে কেন উইলিয়ামসনের ক্যাচ হন।
সেঞ্চুরির পথে ছুটতে থাকা শ্রেয়াস ইনিংস সেরা ৭৯ রান করে উইলিয়াম ও’রোর্কের শিকার হন। এরপর হেনরির বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত। এই সময়ে হার্দিক পান্ডিয়া ৪৫ বলে ৪৫ রানের ইনিংস খেলে ভূমিকা রাখেন। এক উইকেট হাতে রেখে ইনিংস শেষ করে ভারত।
হেনরি ৮ ওভার বোলিং করে ৪২ রান দিয়ে ফাইফার নেন।









