রহিম আহমেদের পাঁচ রানের আক্ষেপে পোড়ানো ম্যাচে শাইনপুকুর ক্রিকেট ক্লাব ২৮৮ রান করেছিল। জবাবে মাহফিজুল ইসলাম ও মিজানুর রহমানের সেঞ্চুরিতে দারুণ জয় পেয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
বিকেএসপির চার নম্বর মাঠে আগে ব্যাটিংয়ে নেমে শাইনপুকুর ৪২ রানে ২ উইকেট হারায়। ৮১ রানের জুটি গড়েন অনিক সরকার ও রহিম।
অনিক ৪০ রানে থামেন। রহিম ইনিংস সেরা ৯৫ রান করেন। অধিনায়ক রায়ান রহমানও (৪৭) অল্পের জন্য হাফ সেঞ্চুরি পাননি।
শাইনপুকুরের ৯ উইকেটের মধ্যে পাঁচটি নেন আল আমিন হোসেন। অলক কাপালি দুটি উইকেট পান।
জবাবে ২ রানে ওপেনিং জুটি ভাঙে ব্রাদার্সের। মাহফিজুলের সঙ্গে ২৫০ রানের জুটি গড়ে রিটায়ার্ড হার্ট হন মিজানুর। ১২৯ বলে ১০ চার ও ৫ ছয়ে ১৩৬ রান করেন তিনি। মাহফিজুল ১১৪ রান করে মাঠ ছাড়েন।
শেষ দিকে মায়শুকুর রহমান ও কাপালির ব্যাটে ৪৮.৫ ওভারে ৩ উইকেটে ২৯২ রান করে ব্রাদার্স।









