রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের অধিনায়ক আল আমিন জুনিয়র দারুণ সেঞ্চুরি পেয়েছিলেন। তার সেঞ্চুরিতেই আবাহনীকে ২৬১ রানের লক্ষ্য দেয় তারা। এই লক্ষ্যে পৌঁছাতে বেগ পেতে হয়নি ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীকে। ৪৭.৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে তারা।
বিকেএসপির তিন নম্বর মাঠে লক্ষ্যে নেমে আবাহনীর দুই ওপেনার জিসান আলম ও পারভেজ হোসেন ইমন মিলে ৬২ রানের জুটি গড়েন। ৪২ বলে ৩৯ রান করে জিসান আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্ত ও পারভেজ মিলে গড়েন ৫৬ রানের জুটি। ফয়সালের বলে ক্লিন বোল্ড হওয়ার আগে পারভেজ ৫৬ বলে ৪৭ রান করেন। এরপর মিঠুনের সঙ্গে আরও ৪৩ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন শান্ত (৩৭)।
শান্তর বিদায়ের পর দ্রুত আউট মুমিনুল (৯)। পঞ্চম উইকেটে মিঠুন ও মোসাদ্দেক হোসেন সৈকত মিলে ৩৫ রানের জুটি গড়ে দলের স্কোরকে দুইশতে নিয়ে যান। মিঠুন ৬১ বলে ৬০ রান করে আউট হন। মোসাদ্দেক ৩৮ বলে অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।
রূপগঞ্জের বোলারদের মধ্যে ফয়সাল ৪৫ রানে সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন।
এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় রূপগঞ্জ। শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। তবে একপ্রান্ত আগলে রেখে লড়াই করে গেছেন কেবল অধিনায়ক আল আমিন। তার সেঞ্চুরি ও ফয়সালের অপরাজিত ৪৯ রানের ওপর দাঁড়িয়ে রূপগঞ্জ ৪৯.৩ ওভারে ২৬০ রান সংগ্রহ করে। আল আমিন ৮৯ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০৪ রানের ইনিংস খেলেন। ফয়সালের ইনিংস ছিল ৪৭ বলের।
আবাহনীর জার্সিতে আজ মাঠে নেমেছিলেন নাহিদ রানা। ঢাকা লিগের প্রথম ম্যাচে মাঠে নেমে ভালোই করেছেন তিনি। ৩৬ রান খরচায় তার শিকার দুটি উইকেট। এছাড়া ৪৩ রানে তিনটি উইকেট পান রাকিবুল হাসান। অফস্পিনার মোসাদ্দেক নেন দুটি উইকেট।









