ঢাকা প্রিমিয়ার লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বোলারদের সামনে খেই হারিয়েছেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের ব্যাটাররা। মাত্র ৬৯ রানে অলআউট হয়েছে তারা। জবাবে এই রান মাত্র ৯.৩ ওভারে কোনও উইকেট না হারিয়ে ছুঁয়ে ফেলেছে শিরোপা প্রত্যাশী রূপগঞ্জ।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে শাইনপুকুরকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রূপগঞ্জের অধিনায়ক আকবর আলী। আমন্ত্রণে সাড়া দিয়ে শাইনপুকুর ওপেনিংয়েই ইনিংসের বড় জুটি গড়েন। দুই ওপেনার ২৮ রান করে আউট হলে এরপরই দলটি বিপর্যয়ে পড়ে। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়ে ২৫.৫ ওভারে ৬৯ রানে অলআউট হয় শাইনপুকুর। সর্বোচ্চ ১৮ রান আসে ওপেনার মইনুল ইসলাম তন্ময়ের ব্যাট থেকে। এছাড়া নিয়ন জামান ১৪, ফারজান আহমেদ ১০ ও আল ফাহাদ ১০ রানের ইনিংস খেলেছেন। আর কেউই দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি।
রূপগঞ্জের বোলারদের মধ্যে পেসার রেজাউর ২৮ রানে নেন তিনটি উইকেট। এছাড়া স্পিনার তানভীর ইসলাম ১৫ রানে তিনটি এবং মেহরাব হোসেন জুনিয়র ১৪ রানে নেন দুটি উইকেট।
৭০ রানের জবাবে খেলতে নেমে রূপগঞ্জের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান মিলেই খেলা শেষ করেছেন। ৯.৩ ওভারে অবিচ্ছিন্ন ৭৫ রানের জুটিতে রূপগঞ্জ ১০ উইকেটে জয়লাভ করে। জুনিয়র তামিম ২০ বলে ৩৫ এবং সাইফ ৩৭ বলে ৩৯ রানের ইনিংস খেলেছেন। ১৫ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন রূপগঞ্জের স্পিনার তানভীর।









