দীর্ঘ এক বছরেরও বেশি সময় সেঞ্চুরি খরায় ভুগেছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। লম্বা বিরতির পর অবশেষে সেঞ্চুরির দেখা পেলেন তিনি। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ১০৮ বলে ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেছেন, এই সেঞ্চুরিতে এদিন রূপগঞ্জকে ৪ উইকেটে হারিয়েছে আবাহনী।
বিকেএসপির তিন নম্বর মাঠে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ২৯২ রান সংগ্রহ করে রূপগঞ্জ। ২৯৩ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই পারভেজ হোসেন ইমনকে (০) হারায় আবাহনী। যদিও দ্বিতীয় উইকেটে শান্ত ও জিসান আলম মিলে গড়েন ১০৭ রানের জুটি। জিসান ৪৬ বলে ৪৩ রান করে আউট হলে জুটি ভাঙে তাদের। এরপর মিঠুনের সঙ্গে ৫০ রানের জুটি গড়েন শান্ত। ৩৭ বলে ৩৪ রান করে মিঠুন আউট হলেও তিনি সেঞ্চুরি করে সাজঘরে ফেরেন। ৩৫তম ওভারে সেঞ্চুরি ছোঁয়ার পর পরই আউট হন বাংলাদেশের অধিনায়ক। শেখ মেহেদীর বলে আউট হন তিনি।
শান্ত এর আগে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁয়েছিলেন ২০২৩ সালের ১৩ মার্চ, চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১২২ রান করেন। ৩৭০ দিন পর ফের করলেন সেঞ্চুরির উদযাপন। যদিও সেটা ছিল আন্তর্জাতিক ক্রিকেটে। আর এটা লিস্ট এ ক্রিকেটে। তবুও রান খরা কেটেছে, এটাই আপাতত স্বস্তি দিচ্ছে।
শান্তর বিদায়ের পর মুমিনুল হকের ৩২ বলে অপরাজিত ৩৫, মাহফিজুর রহমান রাব্বির অপরাজিত ২৫ বলে ৩১ রানের ইনিংসের ওপর ভর করে আবাহনী ৪৮.৪ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যটা ছুঁয়ে ফেলে।
রূপগঞ্জের বোলারদের মধ্যে শেখ মেহেদী হাসান ও শরিফুল ইসলাম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। এছাড়া সাইফ হাসান ও আফিফ হোসেন ধ্রুব নেন একটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রূপগঞ্জ ৬ উইকেটে তোলে ২৯২ রান। যদিও কোনও ব্যাটারই সেঞ্চুরি করতে পারেননি। সাইফ হাসান ৬৭, মাহমুদুল হাসান জয় ৫৮, সৌম্য সরকার ৩১ বলে ২৭ এবং জাকের আলী অনিক ৩৫ বলে ৩৫ রান করেন।









