পাকিস্তানের কাছে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হেরেছে বাংলাদেশ। পরাজয়ের কারণ হিসেবে বাংলাদেশের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ মনে করছেন, ইন্টেন্টের অভাব!
২০২ রানের লক্ষ্য পেয়ে টাইগাররা ১৬৪ রানেই গুটিয়ে গেছে। পাওয়ার প্লেতে ২ উইকেটে সংগ্রহ করতে পেরেছে ৪৫ রান। ইনিংস যত গড়িয়েছে তাদের দুর্দশা আরও বেড়েছে। পরের দশ ওভারে ৪ উইকেটে এসেছে মাত্র ৮১ রান! তাতে ম্যাচটাতে কর্তৃত্ব করার সুযোগ পেয়েছে স্বাগতিক দল। ম্যাচের পর শিষ্যদের পারফরম্যান্সের মূল্যায়ন করতে বলা হলে মুশতাক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আসলে ইন্টেন্ট থাকতে হয়। ২০০ রান তাড়া করবেন যখন, কখনও রান রেট ১৩ যেতে দেওয়া যাবে না। গড়ে যদি রান ১৩ দরকার হয়, তখন সব কিছুই কঠিন হয়ে যাবে।’
সিরিজ শুরুর আগে লিটন স্মার্ট ক্রিকেট খেলার কথা বলেছিলেন। মুশতাক বলেছেন, প্রথম ম্যাচে তারা সেরকম স্মার্ট ক্রিকেট খেলেননি, ‘এক উইকেট পড়া মানে নতুন ব্যাটারের আগমন। তখন তার জন্য কঠিন হবে এটাই স্বাভাবিক। কৌশলগতভাবে আমরা আজ কম স্মার্ট ছিলাম।’
লিটনের ব্যাটিংয়ের শুরুর প্রশংসা করে মুশতাক বলেছেন, ‘লিটন যেভাবে শুরু করেছিল, তাতে ধরে নিয়েছিলাম ম্যাচটা আমাদের পক্ষে। কিন্তু ওভার প্রতি ১৩-১৪ অনেক বেশি। তাই কোচ হিসেবে তাদের সঙ্গে কথা বলা আমার দায়িত্ব, যাতে মাঝের ওভারে কীভাবে ইন্টেন্ট নিয়ে খেলা দরকার সেটা তারা বুঝতে পারে।’









