ইতিহাসের পাতায় নাম লিখলেন কুর্টিস ক্যাম্ফার। যেনতেন কীর্তি গড়েননি তিনি। পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার!
পেশাদার ক্রিকেটে প্রথম পুরুষ হিসেবে এই রেকর্ড গড়লেন ক্যাম্ফার। ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মুনস্টার রেডসের হয়ে খেলছেন তিনি। সেখানে ২.৩ ওভারে ১৬ রান দিয়ে নেন ৫ উইকেট।
নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভার মিলে পাঁচ উইকেট পান মুনস্টার অধিনায়ক ক্যাম্ফার। ১৮৯ রান তাড়া করতে নেমে ৫ উইকেটে ৮৭ রান করা ওয়ারিয়র্স ৮৮ রানে অলআউট।
১২তম ওভারে শেষের আগের বলে জেয়ার্ড উইলসনকে ফিরিয়ে শুরু। গ্রাহাম হিউমকে আউট করে ওভার শেষ করেন। তার পরের ওভারে অ্যান্ডি ম্যাকব্রাইনকে থামিয়ে হ্যাটট্রিক হয়। উইকেট বর্ষণ চলতে থাকে। রবি মিলার ও জশ উইলসন তার শিকার হন।
ক্যাম্ফার তার অর্জন নিয়ে বললেন, ‘ওভার পরিবর্তনের জন্য আমি নিশ্চিত ছিলাম না কী ঘটতে চলেছিল। আমি শুধু আমার মতো লেগে ছিলাম এবং সহজ রেখেছি। ভাগ্যক্রমে এটা হয়ে গেলো।’
আরেকজন ব্যাটার থাকলে ছয় বলে ৬ উইকেট হতো কি না, এই প্রশ্নে তার উত্তর, ‘না, মনে হয় না তেমন কিছু হতো। যা হয়েছে তা হয়েছেই। ভালো লাগছে।’









