ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ডাম্বুলায় ‘রূপকথার গল্প’ লিখলো বাংলাদেশ

রবিউল ইসলাম
১৩ জুলাই ২০২৫, ২৩:২৪আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০০:০০

শুরুটা যেন একেবারেই দুঃস্বপ্ন! মাত্র দুই ওভারে ফেরত যান দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম। স্কোরবোর্ডে তখন মাত্র ৭ রান। চারদিক থেকেই চাপ আর অনিশ্চয়তা, কিন্তু ঠিক তখনই ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে শুরু করেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। সেই ধস সামলে ডাম্বুলায় অভিষেক টি-টোয়েন্টিতে বাংলাদেশ গড়ে তোলে রূপকথার এক সাহসী গল্প! আগে ব্যাটিং করে স্বাগতিকদের ১৭৮ রানের লক্ষ্য দেয়। এরপর বাকি কাজটা দারুণভাবে শেষ করেন বাংলাদেশের বোলাররা। লঙ্কানদের প্রথমবারের মতো একশর নিচে অলআউট করে বাংলাদেশ ৮৩ রানের জয় তুলে নেন। রানের হিসেবে এটি তাদের দ্বিতীয় বড় জয়।

ডাম্বুলার রনগিরি স্টেডিয়ামে প্রবল চাপ নিয়ে মাঠে নেমেছিলো বাংলাদেশ। শুরুতে দুই উইকেট হারিয়ে মনে হচ্ছিলো আজও আগের ম্যাচগুলোর পুনরাবৃত্তি হতে চলছে। শেষ পর্যন্ত লিটন দাস, শামীম হোসেন ও তাওহীদ হৃদয়ের ব্যাটে শেষ রক্ষা হয়! বাংলাদেশ ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান করে। কঠিন এই লক্ষ্যে খেলতে নেমে লঙ্কানরা শুরু থেকেই খেই হারিয়ে ফেলে। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯৪ রানে অলআউট হয় স্বাগিতকরা। লঙ্কানদের বিপক্ষে এটাই বাংলাদেশের সেরা সাফল্য। এর আগে ২০১৪ সালে লঙ্কানদের ১২৩ রানে থামিয়েছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ৭৭ রানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলআউট হয়েছিল। ওটাই লঙ্কানদের সর্বনিম্ম রান এই ফরম্যাটে।

রবিবার দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে ফিরিয়ে স্বস্তি আনে ড্রেসিংরুমে। শামীমের দারুণ ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার রান আউট হন। এই সাফল্য পুরো দলকেই উজ্জীবিত করে। পরপর দুই ওভারে শরিফুলের জোড়া আঘাতে ম্যাচের নিয়ন্ত্রণ এসে যায় বাংলাদেশের হাতে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সাইফউদ্দিন-মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে খেই হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ১৫.২ ওভারে অলআউট হয়ে যায় স্বাগতিকরা। লঙ্কান ব্যাটারদের মধ্যে পাথুম নিসাঙ্কা (৩২) ও দাসুন শানাকা (২০) কেবল দুই অঙ্কের রান করতে পেরেছেন। বাকি ব্যাটাররা সবাই আসা যাওয়ার মিছিলে ছিলেন!

লঙ্কানদের একশর নিচে গুটিয়ে ফেলার কৃতিত্ব বাংলাদেশের সব বোলারের। সবচেয়ে ভালো বোলিং করেছেন রিশাদ। ১৮ রান খরচায় তার শিকার তিনটি উইকেট। এছাড়া শরিফুল ও সাইফউদ্দিন নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজ। 

এর আগে টস হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাওয়া বাংলাদেশের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। দুই ওপেনারের বিদায়ে দলের হাল ধরেন লিটন ও হৃদয়। তারা দুজন গড়েন ৫৫ বলে ৬৯ রানের মূল্যবান এক জুটি। হৃদয় বল কিছুটা বেশি খেললেও তার ইনিংসের গুরুত্ব কম নয়। তবে ম্যাচের আসল নায়ক লিটন।

লম্বা সময় ব্যাটিং ব্যর্থতায় পর আজ স্বরূপে ফিরেছেন তিনি। ১৩ ইনিংস পর টি-টোয়েন্টিতে পান হাফ সেঞ্চুরির দেখা। তাও এমন এক সময়ে যখন দল ছিল প্রচন্ড চাপে। ঠাণ্ডা মাথায় ইনিংস গড়ে তুলে ছক্কা মেরে পূর্ণ করেন নিজের ১২তম হাফ সেঞ্চুরি। তার খেলা ৭৬ রানের ইনিংসটি কেবল  স্কোরবোর্ডে রান বাড়ায়নি, বরং ভেঙেছে হতাশার দীর্ঘ দেয়ালও। শেষবার ৫০ প্লাস রানের ইনিংস খেলেছিলেন ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে, আফগানিস্তানের বিপক্ষে। এরপর ধারাবাহিক ব্যর্থতায় পড়েছিলেন সমালোচনার মুখে। চাপের মধ্যে এমন ফেরা কেবল লিটনের আত্মবিশ্বাসই ফিরিয়ে দেবে না, দলকেও দেবে স্বস্তির নিশ্বাস।

লিটনের এই রানের পর শামীমের ক্যামিও ইনিংস বড় ভূমিকা রেখেছে বাংলাদেশের স্কোরকে ভালো অবস্থানে নিতে। দারুণ সব শটে ২৭ বলে তিনি করেন ৪৮ রান, যার মধ্যে ছিল ৩টি ছক্কা ও ৩টি চারের মার। শেষ দিকে সাইফউদ্দিনের ছোট এক ক্যামিওও (৫ বলে ৯ রান) দলকে এনে দেয় লড়াই করার মতো সংগ্রহ।

ডাম্বুলায় যেন এক কঠিন ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে সাহসিকতার এক অনন্য রূপকথা লিখে ফেললো বাংলাদেশ। হারের হতাশা, সমালোচনার চাপ আর আত্মবিশ্বাসের টানাপোড়েন- সব পেছনে ফেলে লিটনরা দেখালো ফিরে আসার দৃঢ়তা। এখান থেকেই হয়তো অনুপ্রেরণা নিয়ে শেষ ম্যাচেও দাপট দেখাবে বাংলাদেশ। আর যদি সিরিজ জিততে পারে, তবে টেস্ট ও ওয়ানডে সিরিজের ক্ষতটাও কিছুটা হলেও উপশম হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী