লক্ষ্যটা খুব বড় নয়, ১৯৩ রানের। ভারত দৃঢ় ব্যাটিংয়ে ইংল্যান্ডের ওপর চাপ তৈরি করেছিল। কিন্তু শেষ ৩০ মিনিটে সব এলোমেলো, এই সময়ে তিন উইকেট হারিয়ে ফেলে তারা। তাতে লর্ডস টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চকর এক লড়াইয়ের আভাস মিলছে। শেষ দিনে ভারতের দরকার আর ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট।
লক্ষ্যে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। যশস্বী জয়সওয়াল ডাক মারেন। ম্যাচে দ্বিতীয়বার জোফরা আর্চারের শিকার হন তিনি। নতুন বল সামলে এগোতে থাকেন লোকেশ রাহুল ও করুণ নায়ার। তাদের পার্টনারশিপ বড় হয়নি। ব্রাইডন কার্সের বলের গতিপথ বুঝতে না পেরে এলবিডব্লিউর ফাঁদে পড়েন নায়ার।
৩৬ রানের জুটি ভাঙার পর শুবমান গিল মাত্র ৯ বল খেলেন। কার্সের পরের ওভারে তিনিও এলবিডব্লিউ। আম্পায়ারের আউটের সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিউ নিয়েও টিকতে পারেননি অধিনায়ক। ৬ রানে আউট তিনি।
নাইটওয়াচম্যান আকাশ দীপ দিনটা পার করতে চেয়েছিলেন। তাকে বোল্ড করে ফেরান বেন স্টোকস। ১৭.৪ ওভারে ৫৮ রানে চার উইকেট হারাতেই দিনের শেষ ঘোষণা দেন আম্পায়াররা।
প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান রাহুল ৩৩ রানে অপরাজিত আছেন। নতুন দিনে ব্যাটিং করার অপেক্ষায় ঋষভ পান্ত। কঠিন পরীক্ষা দিতে হবে নিতিশ কুমার রেড্ডি ও রবীন্দ্র জাদেজাকে।
এদিন ইংল্যান্ড বিনা উইকেটে ২ রান নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে। লাঞ্চের আগেই তারা চার উইকেট হারায় মোহাম্মদ সিরাজের তোপে। এই ধাক্কা সামাল দেন জো রুট ও বেন স্টোকস। দুজনের ৬৭ রানের জুটিতে দেড়শ পার করে ইংলিশরা।
রুটকে ৪০ রানে থামিয়ে এই জুটি ভাঙেন ওয়াশিংটন সুন্দর। স্টোকস ৩৩ রানের ইনিংস খেলে শেষ দিকে ভালো ভূমিকা রাখেন। ওয়াশিংটন ও বুমরার আঘাতে ১১ রানে শেষ চার উইকেট হারায় স্বাগতিকরা। ১৯২ রানে তারা অলআউট হয়।
ওয়াশিংটন সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি করে পান বুমরা ও সিরাজ।









