সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ব্রায়ান লারা ও ভিভ রিচার্ডস। দুজনেই টেস্ট ও ওয়ানডেতে একশর বেশি ম্যাচ খেলেছেন। নিজেদের সময়ে দুই ফরম্যাটেই তারা চমৎকারিত্ব দেখান। অবশ্য তারা সমসাময়িক ক্রিকেটার ছিলেন না। ভিভের ক্যারিয়ারের শেষবেলায় শুরু করেন লারা। খুব কম সময়ের জন্য তারা ড্রেসিংরুম ভাগাভাগি করেছিলেন। তবে ভিভের সঙ্গে প্রথম সাক্ষাৎ সুখকর ছিল না লারার জন্য।
সেই অভিজ্ঞতা যেন ভুলে গেলেই বেঁচে যেতেন লারা। কিন্তু সেই গল্প শোনানোর সুযোগ হাতছাড়া করেননি টেস্ট ক্রিকেটের একমাত্র চারশ রান করা ব্যাটার। সম্প্রতি স্টিক টু ক্রিকেট পডকাস্টে লারা জানালেন তার প্রতি ভিভের ‘নির্দয় আচরণের’ কথা।
লারা বলেছেন, ‘আমি তার (ভিভ) সঙ্গে খেলার সুযোগ পেয়েছিলাম। ত্রিনিদাদের টেস্ট ম্যাচের জন্য ডাক পেয়েছিলাম। বোর্ড থেকে চিঠি এলো: তুমি দলে আছো, কাল সকাল ৯টায় অনুশীলনের জন্য রিপোর্ট করো।’
তিনি বলে গেলেন, ‘আমি সেখানে সকাল ৮টায় পৌঁছে গেলাম। কুইন্স পার্ক ওভালে আমার ভাইয়ের সঙ্গে অল্প অনুশীলন করলাম। তারপর দল এসে পৌঁছালো। সেখানে ছিলেন আমার সব নায়কেরা- ভিভ (রিচার্ডস), (গর্ডন) গ্রিনিজ, (ডেসমন্ড) হেইনেস, ম্যালকম মার্শাল। তারা ড্রেসিংরুমে গেলো। ওই সময় ড্রেসিংরুম ছিল ছোট। আমি আমার ভাইকে বললাম, ‘চলো আমার সতীর্থদের হ্যালো বলে আসি।’’
১৯৯০ সালে করাচিতে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত লারা বললেন, ‘আমি যখন ড্রেসিংরুমের দিকে যাচ্ছিলাম, তখন আমার ক্রিকেট ব্যাগ ড্রেসিংরুমের বাইরে উড়ে এলো। আমার জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে গেলো। আমি সেগুলো তুলে ব্যাগে ভরে ড্রেসিংরুমে ঢুকলাম। গিয়ে দেখলাম যেখানে আমার ব্যাগ রাখা ছিল সেখানে স্যার ভিভিয়ানের ব্যাগ। তাই আমাকে আমর টেস্ট ক্যারিয়ারের প্রথম পাঁচ দিন বাথরুমে কাটাতে হলো।’
ভিভের সঙ্গে লারা একটি আন্তর্জাতিক ম্যাচ (ওয়ানডে) খেলেছেন। ১৯৯১ সালে লর্ডসের ওই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ উইকেটে দুজনে ২০ রান যোগ করেন।









