ঘরের মাঠে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা তিন হার দেখলো জিম্বাবুয়ে। দক্ষিণ আফ্রিকা এবার তাদের হারালো ৭ উইকেটে। এই জয়ে নিউজিল্যান্ডকে নিয়ে ফাইনালে উঠলো প্রোটিয়ারা।
আগে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৬ উইকেটে ১৪৪ রান করে। জবাবে ১৭.২ ওভারে ৩ উইকেটে ১৪৫ রান করে দক্ষিণ আফ্রিকা। রাসি ফন ডার ডুসেন ও রুবিন হারমানের ফিফটিতে ১৭ বল আগেই জিতেছে তারা।
৪৪ রানে ৩ উইকেট পড়ার পর রায়ান বার্লকে নিয়ে ৭৮ রানের জুটি গড়েন ব্রায়ান বেনেট। হাফ সেঞ্চুরিও হয়েছে তার। ৪৩ বলে ৭ চার ও ৩ ছয়ে ৬১ রান করেন বেনেট। ৩১ রান আসে বার্লের ব্যাটে। অন্যরা সুবিধা করতে পারেননি। দেড়শর মধ্যে জিম্বাবুয়েকে আটকে রাখে দক্ষিণ আফ্রিকা।
ছোট লক্ষ্য দিয়ে ২২ রানের মধ্যে দুই ওপেনারকে ফেরায় জিম্বাবুয়ে। দুটি উইকেটই নেন তিনোতেন্দা মাপোসা। এরপর ডুসেন ও হারমানের জুটিতে সহজ জয়ের ভিত গড়ে দক্ষিণ আফ্রিকা।
১০৬ রানের জুটি গড়ে থামেন হারমান। ৩৬ বলে ৩ চার ও ৪ ছয়ে ৬৩ রান করে থামেন তিনি।
ডেভাল্ড ব্রেভিসকে নিয়ে বাকি পথ পাড়ি দেন ডুসেন। ৪১ বলে ৬ চারে ৫২ রানে অপরাজিত ছিলেন তিনি। ব্রেভিস ১৩ রানে খেলছিলেন।
তিন ম্যাচে দ্বিতীয় জয় পেলো দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ড ২ ম্যাচ খেলে দুটিতেই জিতেছে।









