ইংল্যান্ড সিরিজ থেকে ঋষভ পান্ত যে ছিটকে যাবেন সেটা নিশ্চিতই ছিল। তার বদলি হিসেবে শেষ টেস্টের জন্য প্রথমবার টেস্ট দলে ডাক পেয়েছেন তামিলনাড়ুর উইকেটকিপার ব্যাটার এন জগদীশন। দ্য ওভালে পঞ্চম টেস্ট শুরু হবে বৃহস্পতিবার।
ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় ডান পায়ে আঘাত পান পান্ত। পরে জানা যায় ফ্র্যাকচার হয়েছে তার।
২৯ বছর বয়সী জগদীশন এরই মধ্যে রবিবার সকালে ভিসা পেয়ে গেছেন। লন্ডনে দলের সঙ্গে তার যোগ দেওয়ার কথা মঙ্গলবার। তাকে আপাতত ধ্রুব জুরেলের বিকল্প হিসেবে ধরা হচ্ছে। জুরেল তৃতীয় ও চতুর্থ টেস্টে পান্তের সাবস্টিটিউট হিসেবে উইকেট সামলেছেন।
২০১৬ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড গড়ে তুলেছেন জগদীশন। এখন পর্যন্ত ৭৯ ইনিংসে ৩৩৭৩ রান করেছেন, গড় ৪৭.৫০। তার নামের পাশে রয়েছে ১০টি শতক ও ১৪টি অর্ধশতক। তার সর্বোচ্চ ইনিংসটি এসেছে ২০২৪ সালের জানুয়ারিতে চণ্ডীগড়ের বিপক্ষে, সেখানে তিনি ৩২১ রান করেছিলেন।
জগদীশন কিছু সময় ধরে ভারত ‘এ’ দলের আশেপাশেই ঘোরাফেরা করছেন। রঞ্জি ট্রফিতে টানা দুই মৌসুম ধরে তিনি তামিলনাড়ুর সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ২০২৩-২৪ মৌসুমে ১৩ ইনিংসে করেন ৮১৬ রান, গড় ছিল ৭৪.১৮। পরের মৌসুমে, অর্থাৎ ২০২৪-২৫-এ তিনি ১৩ ইনিংসে করেন ৬৭৪ রান, গড় ৫৬.১৬।
যদিও ইংল্যান্ড সফরের ছায়া দলের জন্য ভারত ‘এ’ দলে জগদীশনের নাম রাখা হয়নি, গত ১২ মাসে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সের তরফে নির্বাচিত খেলোয়াড় তালিকায় তিনি ছিলেন। ব্যাটসম্যান হিসেবে বিভিন্ন ব্যাটিং পজিশনে খেলার সক্ষমতাও দেখিয়েছেন তিনি।









