আয়োজকদের পক্ষপাতী আচরণের অভিযোগ করে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে ভবিষ্যতে আর কোনোভাবেই অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবারের ফাইনালে দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের বিপক্ষে বড় ব্যবধানে পাকিস্তান চ্যাম্পিয়ন্স হেরে রানার্সআপ হওয়ার পর এই কথা জানায় তারা।
এক বিবৃতিতে প্রথম রাউন্ড ও সেমিফাইনালে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ ভারতীয়রা বয়কট করে। আর গ্রুপ পর্বে ভারত ম্যাচ বাতিল করলেও দুই দলকে সমান পয়েন্ট দেওয়ার কারণে অসন্তোষ প্রকাশ করেছে পিসিবি। তাদের মতে, এটি ছিল ‘ভণ্ডামি ও পক্ষপাতিত্ব’।
মহসিন নাকভীর নেতৃত্বে পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্সের মিটিংয়র পর এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘কোনও ক্রিকেটীয় কারণে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত হয়নি, বরং সুনির্দিষ্ট জাতীয়তাবাদী ধারণাকে তুষ্ট করে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক ক্রীড়া সম্প্রদায়কে এটা একটা অগ্রহণযোগ্য বার্তা দেয়। আমাদের খেলোয়াড়দেরকে আমরা এমন আসরে অংশ নিতে দিতে পারি না, যেখানে খেলাধুলার চেতনাকে ছাপিয়ে যায় বিকৃত রাজনীতি, স্পোর্টসম্যানশিপ ও ভদ্রলোকের খেলার ধারণাটিকেই খাটো করে তোলে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘যে কোনও আন্তর্জাতিক ক্রীড়া আসরে অংশগ্রহণের আগে আমরা চাই একটি নিরপেক্ষ, সম্মানজনক ও খেলাধুলার উপযোগী পরিবেশ নিশ্চিত হোক।’









