টিম ডেভিডের হাফ সেঞ্চুরির পর জশ হ্যাজেলউডের ম্যাচ ঘুরিয়ে দেওয়া বোলিংয়ে অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকাকে হারালো ১৭ রানে। নিজেদের রেকর্ড টানা নবম টি-টোয়েন্টি জিতলো তারা।
ডারউইনে আগে ব্যাটিংয়ে নেমে ১৭৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে থামে দক্ষিণ আফ্রিকা। ডেভিড ৫২ বলে ৪ চার ও ৮ ছয়ে ৮৩ রান করে ম্যাচসেরা হন।
কাগিসো রাবাদার আঘাতে চতুর্থ ওভারে ৩০ রানে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। ক্যামেরন গ্রিন ও ডেভিডের ৪০ রানের জুটি বিপদ কাটিয়ে তোলে। ৩ উইকেটে ৭০ রান করা অজিরা আরেকবার ধসের মুখোমুখি হয়। ৭৫ রানে নেই ৬ উইকেট।
ডেভিড এবার বেন ডোয়ারশুইসকে (১৭) নিয়ে দাঁড়িয়ে যান। তাদের জুটিতে আসে ৫৯ রান। ২৯ বলে ৩ চার ও ৫ ছয়ে ফিফটি করা ডেভিডের সঙ্গে কার্যকরী জুটি গড়েন নাথান এলিস (১২)। তারা দুজনে মিলে ৩০ রান তোলেন। শেষ বলে অলআউট হয় অস্ট্রেলিয়া।
দক্ষিণ আফ্রিকার হয়ে কেনা মাফাকা সর্বোচ্চ চার উইকেট নেন। দুটি পূর্ণ সদস্যের মধ্যকার টি-টোয়েন্টিতে সর্বকনিষ্ঠ সিমার হিসেবে চার উইকেট নেওয়ার কীর্তি গড়েন ১৯ বছর ও ১২৪ দিন বয়সী এই বোলার।
লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ৪৮ রানে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছিল দক্ষিণ আফ্রিকা। তবে রায়ান রিকেলটন ও ট্রিস্টান স্টাবস অজিদের কপালে ভাঁজ ফেলে দেন। ১৫তম ওভারে ৫২ বলে ৭২ রানের এই জুটি ভেঙে জশ হ্যাজেলউড ব্রেকথ্রু আনেন। জোড়া আঘাতে স্টাবস (৩৭) ও জর্জ লিন্ডেকে (০) ফেরান অস্ট্রেলিয়ান পেসার। পরের ওভারে অ্যাডাম জাম্পার শিকার করবিন বশ ও সেনুরান মুথুস্যামি। আর দাঁড়াতে পারেনি দক্ষিণ আফ্রিকা।
৩ উইকেটে ১২০ রান করা প্রোটিয়ারা ১২৩ রানে ৭ উইকেট হারালে ম্যাচ ঘুরে যায়। রাবাদার সঙ্গে রিকেলটনের জুটিতে লড়াই চালিয়ে যায় তারা। শেষ ওভারে দরকার ছিল ২১ রান। সেট ব্যাটার রিকেলটন অবিশ্বাস্য কিছু করতে পারেননি। দ্বিতীয় বলেই ডোয়ারশুইসের শিকার হন। লং অনে বাউন্ডারি সীমানায় অবিশ্বাস্য ক্যাচ ধরেন গ্লেন ম্যাক্সওয়েল। বল হাতে নিয়ে সীমানা ছাড়ান তিনি, তবে শূন্যে থাকতেই কাঁধের পেছন দিয়ে বল তুলে দেন মাঠের ভেতরে। তারপর ঘুরে দাঁড়িয়ে সীমানায় ঢুকে রিকেলটনের ইনিংস থামান। ৫৫ বলে ৭ চার ও ১ ছয়ে ৭১ রান করেন প্রোটিয়া ব্যাটার। ২০ বলে ৩৫ রানের জুটি ভাঙে। শেষ বলে আরেকটি উইকেট হারায় প্রোটিয়ারা।
অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন হ্যাজেলউড ও ডোয়ারশুইস। দুটি উইকেট পান জাম্পা।
এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেলো অস্ট্রেলিয়া।









