একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে সাম্প্রতিক ক্রিকেটের বিখ্যাত সাময়িকী উইজডেন। এখানে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি সিরিজ। এর মধ্যে তারা একটিতে জিতলেও অন্যটিতে হেরেছে।
উইজডেনের প্রকাশিত এই শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় সাত ও ১৫ নম্বরে আছে বাংলাদেশের নাম। ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ ও ২০২১ সালে কোভিড পরবর্তী সময়ে বাংলাদেশে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ।
২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমনের লড়াইয়ের পর বাংলাদেশ হেরে যায়। তবে অভিষেক সিরিজে মেহেদী হাসান মিরাজ মিরপুরে বাজিমাত করেন। এই স্পিনারের নৈপুণ্যে ১০৮ রানে জেতে বাংলাদেশ। ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান করা ইংলিশরা অলআউট হয়েছিল ১৬৪ রানে। ওই ইনিংসে মিরাজ নিয়েছিলেন ৬ উইকেট, বাকি চার উইকেট সাকিব আল হাসানের। সেরা টেস্ট সিরিজের তালিকায় এটি জায়গা করে নিয়েছে ১৫ নম্বরে।
পাঁচ বছর পর ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মধ্যকার হওয়ার দুই ম্যাচের সিরিজ আছে উইজডেনের সেরার তালিকায়। ২০২১ সালে কোভিড পরবর্তী সময়ে দুর্বল স্কোয়াড নিয়ে এসেছিল ওয়েস্ট ইন্ডিজ।
তবে অপ্রত্যাশিতভাবে দুই টেস্টে হারতে হয় বাংলাদেশকে। চট্টগ্রাম টেস্টে কাইল মায়ার্সের ২১০ রানের হার না মানা ইনিংসে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পায় ক্যারিবিয়ানরা। মিরপুরে দ্বিতীয় টেস্টে হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ হাসি হাসে তারাই। তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দলটি। সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় এর অবস্থান সাতে।
শতাব্দীর সেরা সিরিজ হিসেবে এক নম্বরে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয়।
একবিংশ শতাব্দীতে উইজডেনের সেরা ১৫ টেস্ট সিরিজ
১. ভারত-অস্ট্রেলিয়া (২০২০-২১)
২. ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (২০০৫)
৩. ভারত-অস্ট্রেলিয়া (২০০০-০১)
৪. ইংল্যান্ড-অস্ট্রেলিয়া (২০২৩)
৫. ইংল্যান্ড-ভারত (২০২৫)
৬. ইংল্যান্ড-শ্রীলঙ্কা (২০১৪)
৭. বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ (২০২০-২১)
৮. দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া (২০১১-১২)
৯. ভারত-অস্ট্রেলিয়া (২০১৬-১৭)
১০. দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড (২০০৪-০৫)
১১. ওয়েস্ট ইন্ডিজ-শ্রীলঙ্কা (২০১৮)
১২. পাকিস্তান-নিউজিল্যান্ড (২০১৮-১৯)
১৩. অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড (২০০১-০২)
১৪. শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া (২০০৪)
১৫. বাংলাদেশ-ইংল্যান্ড (২০১৬)









