ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে টানা দ্বিতীয় ম্যাচও জিতেছে পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে হারিয়েছে ৩১ রানে।
শারজায় ২০৮ রানের লক্ষ্যে খেলতে নামা স্বাগতিক দল দারুণ সূচনার পরও ৮ উইকেটে করতে পেরেছে ১৭৬ রান। ওপেনার মোহাম্মদ জোহেইব ও অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম ৩৯ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। তাদের মধ্যে আক্রমণাত্মক ছিলেন ওয়াসিম। জোহেইব ১৪ বলে ১৩ রানে নওয়াজের বলে ফিরলে ভাঙে শুরুর জুটি। তার পর স্থায়ী হয়নি ওয়াসিমের ইনিংস। রানআউটের শিকার হয়ে ১৮ বলে ৩৩ রানে ফিরেছেন তিনি। ততক্ষণে ৫.৫ ওভারে তাদের স্কোর ছিল ২ উইকেটে ৫৪।
পাওয়ার প্লের শেষ ওভারে হাসান আলীর শিকার হন ইথান ডিসুজা। তার ফলে দ্রুত সময়ে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিক দল। সেই চাপ আরও বাড়ে ৮.৪ ওভারে সাইম আইয়ুবের বলে আলিশান শারাফু (৩) বিদায় নিলে। দ্রুত সময়ে রাহুল চোপরাও সালমান মির্জার শিকার হন। তার পর ষষ্ঠ উইকেট জুটিতে ধ্রুব পারাশার ও আসিফ খান স্থিরতা দেওয়ার চেষ্টা করেন ইনিংসে। তাদের ব্যাটেই স্কোর ছাড়ায় একশ। মূলত ঝড়ো ব্যাটিংয়ে দলকে টেনে নেওয়ার চেষ্টা করেন আসিফ খান। ১৬তম ওভারে এই জুটি দাঁড়ায় ৫০ রানের। তার পরেও বিশাল বড় চ্যালেঞ্জ ছিল তাদের সামনে। ৪ ওভারে সমীকরণ দাঁড়ায় ৭৯ রান! ১৬.২ ওভারে ধ্রুবকে ফিরিয়ে ৫৪ রানের গুরুত্বপূর্ণ জুটি ভাঙেন সালমান মির্জা। তার পরই ভয়ঙ্কর হওয়ার চেষ্টা করেন আসিফ। ১৭তম ওভারে প্রথম বলে ছক্কা হাঁকিয়ে ২৫ বলে পূরণ করেন ফিফটি। একই ওভারে আরও একটি ছক্কার সঙ্গে মারেন বাউন্ডারি। আসিফ কিছুটা উত্তেজনা ছড়ালেও সেটা ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ ওভারে তাকে ৭৭ রানে থামান হাসান আলী। আসিফের ৩৫ বলের ইনিংসে ছিল ৬টি ছক্কা ও ৬টি চার। শেষ পর্যন্ত ৮ উইকেটে ১৭৬ রানে থামে আরব আমিরাত।
পাকিস্তানের হয়ে ৪৭ রানে তিনটি উইকেট নিয়েছেন হাসান আলী। ২১ রানে দুটি নেন মোহাম্মদ নওয়াজ। একটি নিয়েছেন সালমান মির্জা।
প্রথমে ব্যাটিং করতে নামা পাকিস্তান অবশ্য শুরুর ওভারেই শাহেবজাদা ফারহানকে হারিয়ে ধাক্কা খেয়ে সূচনা করে। তার পর ২৯ রানের জুটি গড়েন সাইম আইয়ুব ও ফখর জামান। ৩.১ ওভারে ৭ বলে ৬ রানে ফখর আউট হলে ভাঙে জুটি। তার পর আক্রমণাত্মক ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন সাইম। ২৫ বলে ২০০ স্ট্রাইক রেটে পূরণ করেন ফিফটি। অধিনায়ক সালমান আগা ৫ রানে দ্রুত ফিরলে ৭.৫ ওভারে ৭৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। নওয়াজ আর সাইম জুটি গড়ার চেষ্টা করলেও সেটা বেশি স্থায়ী হয়নি। ১১.৩ ওভারে সাইমকে বিদায় দেন সাগির খান। তাতে ৩৮ বলে ৬৯ রানে কাটা পড়েন তিনি। পরে ম্যাচসেরাও হয়েছেন।
তার পর হাসান নওয়াজের ঝড়ো ব্যাটিংয়ে পাকিস্তান এগিয়েছে। ১৬তম ওভারে টানা তিন ছক্কায় ২৪ বলে ফিফটির দেখা পান তিনি। মোহাম্মদ নওয়াজের সঙ্গে মিলে যোগ করেন ৫০ রান। ২৬ বলে ৫৬ রান করা হাসান নওয়াজকে বিদায় দেন হায়দার আলী। তার ইনিংসে ছিল ২টি চার ও ৬টি ছক্কা। তার পর লেজের ব্যাটারদের অবদানে সবকটি উইকেট হারিয়ে তারা ২০৭ রান সংগ্রহ করে। মোহাম্মদ নওয়াজের ব্যাট থেকে আসে ১৫ বলে ২৫। ফাহিম আশরাফও ১০ বলে করেন ১৬ রান। তাছাড়া হাসান আলী করেন ৬ বলে ৯।
আরব আমিরাতের হয়ে ৪৯ রানে তিনটি উইকেট নেন জুনায়েদ সিদ্দিক। ৪৪ রানে তিনটি নেন সাগির খানও। ৩২ রাানে দুটি নিয়েছেন হায়দার আলী।








