মিচেল মার্শের ঝড়ো ব্যাটিংয়ে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে টি–টোয়েন্টি সিরিজ শুরু করেছে অস্ট্রেলিয়া। বুধবার মাউন্ট মঙ্গানুইয়ে প্রথম ম্যাচে স্বাগতিকদের ২১ বল হাতে রেখে ৬ উইকেটে হারিয়েছে সফরকারীরা।
অধিনায়ক মার্শ খেলেছেন ৪৩ বলে ৮৫ রানের বিধ্বংসী ইনিংস। তাতে ছিল ৯ চার ও ৫ ছক্কার মার। কিউই ব্যাটার টিম রবিনসনের লড়াই ছাপিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে নিউজিল্যান্ড। দ্বিতীয় ওভারেই ৬ রানে পতন হয় ৩ উইকেটের। টানা দুটি উইকেট তুলে হ্যাটট্রিকের অপেক্ষায় ছিলেন বেন ডারশুইস। কিন্তু চাপের মুহূর্তে একাই ভরসা হয়ে দাঁড়ান টিম রবিনসন। দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৬৬ বলে অপরাজিত ১০৬ রান করেন তিনি। তাতে ছিল ৫টি ছক্কা, ৬টি চারের মার। তার সঙ্গে ড্যারিল মিচেল (৩৪) মিলে গড়েন ৯২ রানের জুটি, যা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড টি–টোয়েন্টিতে চতুর্থ উইকেট জুটিতে নতুন রেকর্ড। তাদের ব্যাটে ভর করেই নির্ধারিত ২০ ওভারে নিউজিল্যান্ড ৬ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে।
ফিল্ডিংয়ে একাধিক ভুল করে অস্ট্রেলিয়া। ট্রাভিস হেড দুটি সহজ ক্যাচ নিতে পারেননি। তবে ম্যাচের সেরা ফিল্ডিংও আসে তার হাত থেকেই। মার্কাস স্টয়নিস বাউন্ডারি বাঁচাতে বল ঠেলে দেন, হেডের সোজা থ্রোতে রান আউট হন বেভন জ্যাকবস (২০)।
অজিদের হয়ে ৪০ রানে দুটি উইকেট নেন ডারশুইস। একটি করে নেন জশ হ্যাজলউড ও ম্যাট শর্ট।
ইনজুরিতে গ্লেন ম্যাক্সওয়েল না থাকায় অনেকেই ভেবেছিল অজিদের রান তাড়া বুঝি কঠিন হবে। কিন্তু মার্শ আর হেড প্রথম ছয় ওভারেই তুলে ফেলেন ৬৭ রান। এরপর ম্যাট শর্ট (২৯) যোগ দিলে ক্যাপ্টেনের সঙ্গে ৬৮ রানের জুটি গড়ে সহজ জয়ের পথ তৈরি করেন তারা। শর্ট দলের ১৩৫ রানে ফিরেছেন। তার ১৮ বলের ইনিংসে ছিল ২টি চার ও ২টি ছক্কা। তার আগে হেড ১৮ বলে ৬ চারে ৩১ রানে ফিরেছেন।
বিস্ফোরক ব্যাটিং করতে থাকা মার্শের (৮৫) বিদায়ের পর অ্যালেক্স ক্যারি (৭) দ্রুত আউট হলেও ক্যামিও ইনিংসে জয় নিশ্চিত করেন টিম ডেভিড। ১২ বলে ১ চার ও ২ ছক্কায় ২১ রানে অপরাজিত থাকেন তিনি। সঙ্গে ৪ রানে অপরাজিত ছিলেন মার্কাস স্টয়নিস।
অবশেষে ১৬.৩ ওভারে ৪ উইকেটে জয়ের বন্দরে পৌঁছায় অস্ট্রেলিয়া।
কিউইদের হয়ে ৪৩ রানে দুটি উইকেট নেন ম্যাট হেনরি। একটি করে নেন জাকারি ফোকস ও কাইল জেমিসন।








