আন্তর্জাতিক টি–টোয়েন্টির ইতিহাসে মাত্র তৃতীয় খেলোয়াড় হিসেবে ২ হাজার রান ও ১০০ উইকেটের ডাবল পূরণ করেছেন সিকান্দার রাজা। তাতে বাংলাদেশের সাকিব আল হাসান ও আফগানিস্তানের মোহাম্মদ নবীদের এলিট ক্লাবে জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে অলরাউন্ডার।
এই তালিকায় শীর্ষে আছেন সাকিব। তার সংগ্রহে আছে ২ হাজার ৫৫১ রান ও ১৪৯ উইকেট। এরপর আছেন নবী। আফগান অলরাউন্ডারের সংগ্রহে আছে ২ হাজার ৪১৭ রান এবং উইকেট আছে ১০৪টি। রাজার সংগ্রহে ২ হাজার ৮২৩ রান ও ১০০ উইকেট।
রাজার এই মাইলফলকের ম্যাচেই ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ এক জয় পেয়েছে জিম্বাবুয়ে। ১৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে মাত্র ৯৫ রানে গুটিয়ে ৬৫ রানের জয়ে মাঠ ছেড়েছে তারা।
শুরুতে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে ৮ উইকেটে সংগ্রহ করে ১৬২ রান। যার ভিত্তি গড়ে দেন ব্রায়ান বেনেট। ৪২ বলে ৫ চার ও ১ ছক্কায় উপহার দেন ৪৯ রানের ইনিংস। তার পর রাজা খেলেন ৩২ বলে ৪৭ রানের ঝড়ো একটি ইনিংস। তাতে ছিল ৩টি চার ও ২টি ছয়। জবাবে ব্র্যাড ইভান্সের ৯ রানে ৩ উইকেট ও রিচার্ড এনগারাভার ১৫ রানে ২ উইকেট শিকারে ৯৫ রানে থামে লঙ্কানদের ইনিংস। রাজাও ২৩ রানে একটি উইকেট নিয়ে পূরণ করেন উইকেটের সেঞ্চুরি। তাতে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। লঙ্কানদের ইনিংসে ডাবল ফিগারে রান তুলেছেন শুধু ভানুকা রাজাপাকশে (১১) ও দাসুন শানাকা (৩৪)।









