টানা দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি। কিন্তু বৃথা গেছে সেই ইনিংস! রায়পুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। তাতে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে প্রোটিয়া দল।
৩৫৯ রানের লক্ষ্যে খেলতে নেমে এইডেন মারক্রামের ১১০ রানে ভর করে ৬ উইকেট হারিয়ে ৪৯.২ ওভারে লক্ষ্য তাড়া করেছে সফরকারী দল। আট নম্বরে নামা করবিন বশ ২৯ রানে অপরাজিত থেকে জয়সূচক রান নেন। এখন শনিবার বিশাখাপত্তনমে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।
ওয়ানডেতে ক্যারিয়ারের ৫৩তম সেঞ্চুরি তুলে নেওয়া কোহলি করেছেন ১০২ রান। তৃতীয় উইকেটে রুতুরাজ গায়কোয়াডের (১০৫) সঙ্গে তার ১৯৫ রানের জুটিতে ভর করে ভারত ৫ উইকেটে সংগ্রহ করে ৩৫৮ রান। টস জিতেছিল দক্ষিণ আফ্রিকা।
জবাবে ওপেনার মারক্রাম অধিনায়ক টেম্বা বাভুমার (৪৬) সঙ্গে দ্বিতীয় উইকেটে ১০১ রান যোগ করেন। যা ভারতের বিপক্ষে যৌথভাবে সর্বোচ্চ রান তাড়া করার ভিত গড়তে সাহায্য করে। এর আগে ২০১৯ সালে মোহালিতে অস্ট্রেলিয়া ৩৫৯ রান তাড়া করে জিতেছিল।
মারক্রামকে ৫৩ রানে জীবন দিয়েছে ভারত। সেই সুযোগটা ভালোমতোই কাজে লাগান তিনি। বাভুমা ২১তম ওভারে ফিরলেও মারক্রাম ছিলেন অবিচল। ৮৮ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ম্যাচসেরাও তিনি। হর্শিত রানা তাকে থামালেও এরপর-ই ম্যাচের গতি পাল্টে দেন ডেওয়াল্ড ব্রেভিস ও ম্যাথিউ ব্রিটজকে। চতুর্থ উইকেটে তাদের ৯২ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকার রান তাড়া সহজ হয়ে যায়।
প্রসিদ্ধ কৃষ্ণর বলে আউট হওয়ার আগে ব্রিটজকে ৬৪ বলে ৫ চারে উপহার দেন ৬৮ রানের ইনিংস। ব্রেভিস ৩৪ বলে উপহার দেন ১ চার ও ৫ ছক্কায় সাজানো ৫৪ রানের ঝড়ো একটি ইনিংস।








