মঈন আলীর অলরাউন্ড নৈপুণ্যে চলমান বিপিএলে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়ে চতুর্থ জয় তুলে নিয়েছে সিলেট টাইটান্স।
প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তোলে ১৮০ রান। জবাবে ঢাকা ৮ উইকেটে ১৬০ রানেই থেমে যায়। তাতে ছয় ম্যাচে চতুর্থ হারে পয়েন্ট টেবিলে কঠিন পরিস্থিতিতে পড়েছে ঢাকা।
সিলেটে লক্ষ্য তাড়া করতে নেমে রহমানউল্লাহ গুরবাজ ও আব্দুল্লাহ আল মামুন ঢাকাকে দারুণ সূচনা এনে দেন। ৫.৪ ওভারে দুজন মিলে যোগ করেন ৫৬ রান। ১১ বলে ২৪ রান করে মামুন আউট হলে ভাঙে জুটি। এরপরই ধস নামে ঢাকার ইনিংসে। মাত্র ১৮ বলের ব্যবধানে ১১ রানের মধ্যে তিন উইকেট হারায় তারা। এর মধ্যে মঈন আলীর বলে ইথান ব্রুকসের হাতে বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফেরেন শামীম (১)।
এক প্রান্ত আগলে রেখে গুরবাজ সাইফ হাসানের সঙ্গে ২৪ বলে ৩৭ রানের জুটি গড়ে ঢাকাকে লড়াইয়ে রাখেন। কিন্তু আবারও ধাক্কা খায় দলটি। ১০৪ রানে ৩ উইকেট থেকে মাত্র ১১ বলের ব্যবধানে ১১৩ রানে ৬ উইকেট হারিয়ে বসে ঢাকা। ৪৪ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫১ রান করা গুরবাজ ও ১৪ বলে ২২ রান করা সাইফের বিদায়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা।
সিলেটের হয়ে বল হাতে সেরা ছিলেন সালমান ইরশাদ। ২৫ রানে ৩ উইকেট নেন তিনি। মঈন আলী চার ওভারে ২০ রানে নেন ২ উইকেট।
এর আগে শুরুতে ব্যাট হাতে সিলেটকে ভালো সূচনা এনে দিয়েছিলেন পারভেজ ও তৌফিক খান। তাদের ব্যাটে পাওয়ারপ্লেতে যোগ হয় ৪৮ রান। তৌফিক ১৭ রানে ফিরলে ভাঙে শুরুর জুটি। দ্রুত সময়ে ফেরেন পারভেজ হোসেনও। তার ২৪ বলে ৩২ রানের ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। এক পর্যায়ে ১২তম ওভারে সিলেটের স্কোর ছিল ৩ উইকেটে ৭২ রান। এরপর আরিফুল (২৯ বলে ৩৮) ও ওমরজাই (২৩ বলে ৩৩) ৩৭ বলে ৬২ রান যোগ করে ইনিংস মেরামত করেন।
শেষদিকে ঝড় তোলেন মঈন আলী। মাত্র ৮ বলে ২টি চার ও ৩ ছক্কায় ২৮ রান করেন তিনি। ঝড়ো ব্যাটিংয়ে শেষ ছয় ওভারে সিলেট স্কোরবোর্ডে জমা করেছে ৮৮ রান!
৩৫ রানে ৩টি উইকেট নেন জিয়াউর রহমান। একটি করে নেন ইমাদ ওয়াসিম, নাসির হোসেন ও সাইফ হাসান।








