নাটকীয় এক সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। দেশটির সরকার রবিবার জানিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচ বয়কট করবে তারা।
‘মাদার অব অল ব্যাটল’ হিসেবে বিবেচিত ভারত–পাকিস্তান ম্যাচটি কেবল ক্রিকেট দ্বৈরথ নয়, সব ধরনের খেলার মধ্যে অন্যতম বড় ও উত্তেজনাপূর্ণ ক্ল্যাসিক লড়াইয়ের একটি। দুই দল মুখোমুখি হলেই প্রায় এক বিলিয়ন দর্শকের নজর থাকে এই ম্যাচে। উত্তেজনাও থাকে তুঙ্গে। ফলে ভারতের বিপক্ষে পাকিস্তানের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আইসিসিকে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে হতে পারে।
ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান যদি সত্যিই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে, তাহলে আয়োজকদের ক্ষতির পরিমাণ হতে পারে ২০০ কোটি রুপিরও বেশি!
প্রতিবেদন অনুযায়ী, আইসিসির বৈশ্বিক কোনও আসরে ভারতের প্রতিটি ম্যাচের বাণিজ্যিক মূল্য প্রায় ১ কোটি থেকে ১ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা ভারতীয় মুদ্রায় আনুমানিক ১০০ কোটি রুপির কাছাকাছি। ভারত–পাকিস্তান ম্যাচটি সবচেয়ে বেশি আলোচিত হওয়ায় ১৫ ফেব্রুয়ারির এই ম্যাচ থেকে প্রায় ২০০ কোটি রুপি বা তারও বেশি আয়ের লক্ষ্য ছিল আয়োজকদের।
ফলে ভারত ও পাকিস্তান যদি একে অপরের মুখোমুখি না হয়, সেক্ষেত্রে টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসি ও সম্প্রচার প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের রাজস্ব হারাবে বলে আশঙ্কা করা হচ্ছে।









