গত আসরের রানার্স আপ দক্ষিণ আফ্রিকা। কানাডার বিপক্ষে দাপুটে জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে তারা। আহমেদাবাদে কানাডাকে হারিয়েছে ৫৭ রানে।
টস জিতে শুরুতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় কানাডা। কিন্তু বল হাতে তেমন ছাপ রাখতে পারেনি তারা। উল্টো দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটে দক্ষিণ আফ্রিকা সংগ্রহ করে ২১৩ রান। চলতি আসরে যা এখন পর্যন্ত সর্বোচ্চ দলীয় সংগ্রহ।
ব্যাট হাতে ঝড়ো সূচনা এনে দেন কুইন্টন ডি কক ও অধিনায়ক এইডেন মারক্রাম। দুজনে মিলে ৬.৫ ওভারে ওপেনিং জুটিতে যোগ করেন ৭০ রান। ডি কক ২৫ রান করে ফিরলে ভাঙে জুটি। এরপর ইনিংস টেনে নেন মারক্রাম। ২৮ বলে পূরণ করেন ফিফটি। শেষ পর্যন্ত ৩২ বলে ১০টি চার ও একটি ছক্কায় আউট হওয়ার আগে করেন ৫৯ রান। রায়ান রিকেলটনও তার পর ২১ বলে ৩১ রানে অবদান রাখেন। শেষদিকে ৭৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের সংগ্রহ দুইশর বাইরে নিয়ে যেতে মূল কৃতিত্ব ডেভিড মিলার ও ত্রিস্টান স্টাবসের। মিলার ২৩ বলে অপরাজিত ৩৯ রান করেন। তাতে ছিল ১টি চার ও ৩টি ছয়। আর স্টাবস ১৯ বলে ২ চার ও ২ ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন। শেষ তিন ওভারেই তারা যোগ করেছেন ৪৭ রান!
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে কানাডা। পাওয়ার প্লেতে ৪৫ রানে ৪ উইকেট হারায় তারা। একমাত্র টপ অর্ডারে লড়াই করেন নবনীত ধালিওয়াল। শেষ ওভারে আউট হওয়ার আগে তিনি ৪৯ বলে ৭ চার ও ১ ছক্কায় করেন ৬৪ রান। সব মিলে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৫৬ রানে থামে কানাডার ইনিংস।
দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন। ম্যাচসেরাও তিনি। দুটি নেন মার্কো ইয়ানসেন।









