টি-টোয়েন্টি বিশ্বকাপে রোমাঞ্চকর এক জয় পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। শুক্রবার আর্যংশ শর্মা ও শোয়েব খানের জোড়া হাফসেঞ্চুরিতে কানাডাকে ২ বল হাতে রেখে ৫ উইকেটে হারিয়েছে তারা। এই জয়ের ফলে গ্রুপ ‘ডি’-তে নিজেদের প্রথম পয়েন্টের দেখা পেল মধ্যপ্রাচ্যের দেশটি।
১৫১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে এক পর্যায়ে বিপাকে পড়েছিল আমিরাত। ১৩তম ওভারে ৬৬ রান তুলতেই তারা হারিয়ে ফেলে ৪ উইকেট। তবে সেখান থেকে হাল ধরেন আর্যংশ শর্মা ও শোয়েব খান। পঞ্চম উইকেটে এই দুই ব্যাটার গড়েন ৮৪ রানের ম্যাচ জেতানো জুটি।
আর্যংশ ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৭৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। তার ঝড়ো ৫৩ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছয়। অন্যদিকে, আক্রমণাত্মক মেজাজে শোয়েব খান মাত্র ২৯ বলে করেন ৫১ রান। ২৮ বলে দেখা পেয়েছেন ফিফটির। তার ইনিংসে ছিল ৪টি চার ও ৪টি ছক্কার মার। শেষ ওভারে শোয়েব বিদায় নিলেও দুই বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন মোহাম্মদ আরফান।
কানাডার বোলারদের মধ্যে অধিনায়ক সাদ বিন জাফর ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট নিলেও বাকিদের ব্যর্থতায় হার মানতে হয় তাদের।
এর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৫০ রান সংগ্রহ করে কানাডা। আমিরাতের পেসার জুনায়েদ সিদ্দিকী ৩৫ রান খরচায় ৫টি উইকেট নিয়ে শুরুর মঞ্চটা গড়েছেন। ম্যাচসেরার পুরস্কারও জেতেন তিনি।
এই জয়ে গ্রুপ টেবিলে আফগানিস্তানকে টপকে তিনে উঠে এসেছে আরব আমিরাত। রশিদ খানরা এখনও ম্যাচ জেতেনি। তাছাড়া টানা দুই জয় নিয়ে শীর্ষে আছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।








