ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করতে হলে বাংলাদেশ দলকে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা ৯-এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে। আর এবছর মার্চে প্রথম সিরিজ হতে যাচ্ছে পাকিস্তানের বিপক্ষে। তিন মাস পর তাদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে নামছে বাংলাদেশ।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ।
বিসিবির প্রকাশ করা সূচি অনুসারে, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। দুই দিন পরই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের পরের দুটি ম্যাচ ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।
এ বছর সব মিলিয়ে ২৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।









