বাংলাদেশ সফরে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম। ওয়ানডে দলটিতে যথারীতি নেতৃত্বে থাকছেন বাঁহাতি পেসার শাহীন আফ্রিদি। তাছাড়া দলে জায়গা পেয়েছেন ছয় আনক্যাপড ক্রিকেটার— আবদুল সামাদ, মাজ সাদাকাত, মোহাম্মদ গাজি ঘোরি, সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান ও শামিল হুসেইন। এই ছয়জনের মধ্যে আবদুল সামাদ, মাজ সাদাকাত, সাদ মাসুদ ও শামিল হুসেইন সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে পাকিস্তান শাহিনসের হয়ে খেলেছেন।
সিরিজটি শুরু হবে ১১ মার্চ। তিনটি ওয়ানডেই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
সর্বশেষ ওয়ানডে সিরিজে বাবর আজম একটি সেঞ্চুরি হাঁকিয়ে ৫০ ওভারের ফরম্যাটে নিজের ফর্মের জানান দিয়েছিলেন। কিন্তু এই টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। ওই আসরে ছয় ম্যাচে ১১২.৩৪ স্ট্রাইক রেটে করেন মাত্র ৯১ রান।
পাকিস্তানের ১৫ সদস্যের দল
শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবদুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ গাজি ঘোরি (উইকেটরক্ষক), সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান, সালমান আলী আগা ও শামিল হুসেইন।
সিরিজের সূচি
* ৮ মার্চ – পাকিস্তান দলের বাংলাদেশে আগমন
* ১১ মার্চ – প্রথম ওয়ানডে, মিরপুর
* ১৩ মার্চ – দ্বিতীয় ওয়ানডে, মিরপুর
* ১৫ মার্চ – তৃতীয় ওয়ানডে, মিরপুর









