দ্বিতীয় সেমিফাইনালে ২৫৪ রানের বিশাল স্কোর তাড়া করতে হতো ইংল্যান্ডকে। সেই লক্ষ্যে জ্যাকব বেথেলের বিস্ফোরক সেঞ্চুরি রোমাঞ্চকর লড়াইয়ের ইঙ্গিত দিলেও শেষ হাসি হেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। ৭ রানে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে সূর্যকুমার যাদবের দল।
অবশ্য এত হাই স্কোরিং লক্ষ্যের জন্য নিজেকে কাঠগড়ায় দাঁড় করাতেই পারেন হ্যারি ব্রুক। টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়ে ১৫ রানে থাকা অবস্থায় সাঞ্জু স্যামসনের ক্যাচ ফেলে দেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। পরে সেই স্যামসনই ভারতকে ৭ উইকেটে ২৫৩ রানের মঞ্চ গড়ে দিয়েছেন। ৪২ বলে ৮ চার ও ৭ ছক্কায় ৮৯ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন স্যামসন। তাছাড়া ২৫ এল ৪৩ রানের ইনিংস খেলেছেন শিবম দুবে। ক্যামিও ইনিংস খেলেছেন হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মাও। হার্দিক ১২ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৭ রান করেছেন। তিলক ৭ বলে ৩ ছক্কায় করেছেন ২১ রান।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নেন উইল জ্যাকস ও আদিল রশিদ।
দুই দলই মারকুটে ব্যাটিংয়ে রান তুলেছে। ৪০ ওভারে রান হয়েছে ৪৯৯। ছক্কা হয়েছে ৩৪টি। এমন ম্যাচে জ্যাকব বেথেলের দুর্দান্ত সেঞ্চুরিও শেষ পর্যন্ত যথেষ্ট ছিল না।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২৫৩ রানের সংগ্রহ ছিল টুর্নামেন্টের নকআউটে সর্বোচ্চ সংগ্রহের নজির। সেই কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে বেথেল ৪৮ বলে ১০৫ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন। তার ব্যাটেই জয়ের সম্ভাবনা জাগাচ্ছিল ইংল্যান্ড। ২২ বছর বয়সী এই তরুণ ব্রুকের আউটের পরই দলের হাল ধরেন। তার পর বিধ্বংসী ব্যাটিংয়ে ছন্দ ধরে রাখেন তিনি। ১৭তম ওভারের শেষ দুই বলে বাউন্ডারি হাঁকিয়ে সমীকরণ দাঁড় করান শেষ তিন ওভারে ৪৫ রানে।
১৯তম ওভারে স্যাম কারান ১৮ রান করে ক্যাচ আউট হন। হার্দিক পান্ডিয়াও তখন চাপ সামলে বল করেন। শেষ ওভারে জেমি ওভারটনের সঙ্গে থাকা বেথেলের সামনে প্রয়োজন ছিল ৩০ রান। সেই সমীকরণ আর মেলাতে পারেনি তারা। বরং স্ট্রাইক ধরে রাখার চেষ্টায় শেষ ওভারের প্রথম বলেই রান আউট হন বেথেল। তার ইনিংসে ছিল ৮টি চার ও ৭টি ছয়। ততক্ষণে ম্যাচ প্রায় শেষ হয়ে যাওয়ার পরও জোফরা আর্চারের তিনটি ছক্কায় ইংল্যান্ডের ইনিংস থামে ৭ উইকেটে ২৪৬ রানে।
ভারতের জয়ে বড় ভূমিকা রাখেন অক্ষর প্যাটেলও। দুটি দুর্দান্ত ক্যাচ নেন তিনি। প্রথমে হ্যারি ব্রুককে আউট করতে ভূমিকা রেখে পরে রিলে ক্যাচে বিদায় করেন উইল জ্যাকসকেও। তবে ইংল্যান্ড আক্ষেপ করবে ব্রুকের একটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের জন্য।
ভারতের হয়ে দুটি উইকেট নেন হার্দিক পান্ডিয়া। একটি করে নেন আরশদীপ সিং, জসপ্রীত বুমরা, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল।
এই জয়ের ফলে সহ–আয়োজক ভারত রবিবার আহমেদাবাদে ফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের।









