জাতীয় নির্বাচক কমিটি বাছাইয়ের অংশ হিসেবে চার সদস্যের নতুন প্যানেল গঠনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে বোর্ডের শীর্ষ কর্মকর্তাদের পর্যবেক্ষণের ভিত্তিতে জাতীয় দলের নির্বাচকরা নিয়োগ পেতেন। তবে এবার আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এরপরই চূড়ান্ত করা হবে নতুন প্যানেল।
ক্রিকবাজের তথ্য অনুযায়ী, বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এবং সাবেক জাতীয় অধিনায়ক ও বর্তমান পরিচালক খালেদ মাহমুদসহ সাক্ষাৎকার বোর্ডে থাকা সদস্যদের কাছে বেশ কয়েকজন প্রার্থী ইতিবাচক সাড়া দিয়েছেন।
আগে নির্বাচন প্যানেলে তিনজন সদস্য থাকলেও এবার একজন প্রধান নির্বাচকসহ চার সদস্যের প্যানেল গঠনের পরিকল্পনা রয়েছে।
শুক্রবার ক্রিকবাজকে ক্রিকেট অপারেশনস প্রধান নাজমুল আবেদীন বলেছেন, ‘নির্বাচন প্যানেল তিন সদস্যেরই হতে হবে এমন কোনও বাধ্যবাধকতা নেই। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা প্যানেল গঠন করবো।’
এদিকে জানা গেছে, সাবেক প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে প্রধান করে নতুন প্যানেল গঠন করা হতে পারে। তার সঙ্গে যুক্ত হতে পারেন জাতীয় দলের সাবেক ব্যাটার নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী। সম্প্রতি গাজী আশরাফ হোসেন প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ানোর পর নির্বাচক প্যানেলে একমাত্র সদস্য হিসেবে থাকা হাসিবুল হোসেনও থাকছেন এই প্যানেলে।









