ক্রিকেটের ২২ গজে কিছু নাম শুধু পরিসংখ্যানে আটকে থাকে না। তারা হয়ে ওঠে আবেগ, হয়ে যায় ক্লাবের ইতিহাসের অংশ। আন্দ্রে রাসেল তেমনই এক নাম। আইপিএলে যার ঝড়ো ব্যাটিং আর দুর্দান্ত বোলিং দীর্ঘদিন ধরে কলকাতা নাইট রাইডার্সের দর্শকদের মাতিয়েছে।
ওয়েস্ট ইন্ডিয়ান সাবেক এই অলরাউন্ডারকে সম্মান জানাতে তার ১২ নম্বর জার্সিকে অবসরে পাঠানোর ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স তথা কেকেআর। ২০১৪ থেকে ২০২৫ সাল পর্যন্ত (২০১৭ ছাড়া) প্রতিটি মৌসুমে কেকেআরের হয়ে খেলেছেন রাসেল। আইপিএলে ১৪০ ম্যাচের মধ্যে ১৩৩টিই খেলেছেন কলকাতায়। যেখানে টানা ১১ মৌসুম ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ।
রাসেল গত বছরের নভেম্বরে আইপিএল থেকে অবসর নেন। এরপর কলকাতার পাওয়ার কোচ হিসেবে দায়িত্ব নেন।
কোচিংয়ে আসা প্রসঙ্গে রাসেল জানান, ‘এতে আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসেনি। বরং যাদের সঙ্গে খেলেছি বা যাদের বিপক্ষে খেলেছি, বিষয়টা তাদের কাছে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ হিসেবে দেখছি। ফিরে এসে ছেলেদের কিছু দিতে পারছি, এটা খুব ভালো লাগছে।’
২০১৪ ও ২০২৪ সালে কেকেআরের শিরোপাজয়ী দলের সদস্য ছিলেন রাসেল। তবে ২০১৪ সালে মাত্র দুটি ম্যাচ খেললেও ২০২৪ মৌসুমে ১৫ ম্যাচে তার অলরাউন্ড নৈপুণ্য দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রাখে। ওই আসরে ৯ ইনিংসে ১৮৫ স্ট্রাইক রেটে ২২২ রান করার পাশাপাশি ১৫.৫২ গড়ে নেন ১৯ উইকেট।
আইপিএলের বাইরে ২০১৪-১৫ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতেও কেকেআরের হয়ে খেলেছেন তিনি। ওই আসরে দলকে ফাইনালে তুলতেও ভূমিকা ছিল তার।
এছাড়া কেকেআরের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আবুধাবি নাইট রাইডার্স (আইএল টি-টোয়েন্টি) এবং ত্রিনবাগো নাইট রাইডার্সের (সিপিএল) হয়েও প্রতিনিধিত্ব করছেন তিনি। দুই দলের হয়ে চারটি করে মৌসুম খেলেছেন।








