বাংলাদেশে প্রায় অনভিজ্ঞ এক দল নিয়ে খেলতে এসেছে নিউজিল্যান্ড। শুক্রবার সকাল ১১টায় প্রথম ওয়ানডে শুরুর আগে আজ সংবাদ সম্মেলনে কথা বলেছেন ভারপ্রাপ্ত কিউই অধিনায়ক টম ল্যাথাম। তিনি জানিয়েছেন, তুলনামূলক অনভিজ্ঞ দল নিয়ে মাঠে নামলেও সাফল্যের পথে সেটি বাধা হবে না! অর্থাৎ মাঠে নামার আগে ভীষণ আত্মবিশ্বাসী তিনি।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ল্যাথাম স্পষ্ট জানিয়ে দেন, অনভিজ্ঞ দল নিয়ে খেলতে এলেও তাদের লক্ষ্য অপরিবর্তিত। আর সেটা হচ্ছে সিরিজ জয়।
অবশ্য একসময় টাইগারদের জন্য প্রায় অপ্রতিরোধ্য দল ছিল নিউজিল্যান্ড। ঘরের মাঠে হোক বা বিদেশে দীর্ঘ সময় ধরে আধিপত্য দেখিয়েছে। তবে ২০১০ সালে সেই চিত্র বদলাতে শুরু করে, যখন ঘরের মাঠে নিউজিল্যান্ডকে ৪-০ ব্যবধানে হারিয়ে চমক দেখায় বাংলাদেশ। ২০১৩ সালেও ঘরের মাঠে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিজেদের অবস্থান আরও শক্ত করে টাইগাররা।
তবে ২০২৩ সালে আবার পাল্টায় দৃশ্যপট। কয়েকজন মূল খেলোয়াড়কে ছাড়াই বাংলাদেশ সফরে এসে ১৩ বছরের খরা কাটিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড। যা তাদের মানিয়ে নেওয়ার সক্ষমতারই প্রমাণ।
এবারও সেখান থেকে অনুপ্রেরণা পাচ্ছে নিউজিল্যান্ড। আগের সেই সফরের মতো এবারও দ্বিতীয় সারির দল নিয়ে তারা এসেছে। অনেক ক্রিকেটারই প্রথমবারের মতো বাংলাদেশের কন্ডিশনে খেলবেন। কিন্তু ল্যাথাম বলেছেন, ‘আমাদের লক্ষ্য অবশ্যই সিরিজ জয়। আমরা এখানে জিততে এসেছি, এটাই সবার প্রধান লক্ষ্য। তবে সেখানে পৌঁছাতে অনেক পরিশ্রম করতে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিটি ম্যাচ থেকে শেখা এবং উন্নতি করা।’
তিনি স্বীকার করে নেন যে, ‘দলের কয়েকজনের এই কন্ডিশনে অভিজ্ঞতা কম। কিন্তু যত বেশি তারা বাংলাদেশের মতো জায়গায় খেলবে, ততই তারা উন্নতি করবে। যদি আমরা ম্যাচ ধরে ধরে উন্নতি করতে পারি, তাহলে সিরিজের শেষ দিকে নিজেদের ভালো অবস্থানে নিতে পারবো। অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে আমাদেরও দায়িত্ব জ্ঞান ও অভিজ্ঞতা ভাগ করে নেওয়া।’
তবে মিরপুরের কন্ডিশন সহজ হবে না বলেই মনে করেন ল্যাথাম। এ প্রসঙ্গে বলেছেন, ‘বাংলাদেশের পেস আক্রমণ অভিজ্ঞ এবং এই কন্ডিশনে কার্যকর। তাসকিন, মোস্তাফিজ ও রানা ভালো করছে। আমাদের সব পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে।’
পিচ ও আবহাওয়াকেও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি, ‘উইকেট দেখতে ভালো, তবে স্পিন ভূমিকা রাখবে। বাংলাদেশ এখন দারুণ ক্রিকেট খেলছে, তাই কঠিন লড়াই আশা করছি। এখানকার গরমও আমাদের জন্য নতুন, তাই মানিয়ে নেওয়াটা গুরুত্বপূর্ণ।’







