চলতি মাসের শেষের দিকে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে ঢাকায় আনার জোর চেষ্টা করছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবির সে চেষ্টা সফল হলো না। ফলে আপাতত মাশরাফিদের ছুটি আরও দীর্ঘ হলো। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, 'এপ্রিল মাসে শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলেও ওই সফরটি আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে গেছে। ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফর করবে শ্রীলঙ্কা জাতীয় দল। '
এর আগে বিসিবি সূত্রে জানা গিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের পরেই দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য শ্রীলঙ্কাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আলোচনার পর আগামী বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড।
/আরএম/এমআর/








