দক্ষিণ আফ্রিকা তার জন্মভূমি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে তিনি মাঠ মাতিয়েছেন ইংল্যান্ডের হয়ে। তবে বর্তমানে ইংলিশ টিমে এক প্রকার ব্রাত্য হয়ে গেছেন তিনি। আর সে কারণেই প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ভাবছেন কেভিন পিটারসেন।
তিনি বলেন, 'বিষয়টি আমার মাথায় আছে। এটা হলে হতেও পারে, আবার নাও হতে পারে। আসলে আন্তর্জাতিক ক্রিকেট মানে বিশেষ কিছু। আমি এখনও আন্তর্জাতিক ক্রিকেট খুব মিস করি।'
তিনি আরও বলেন, 'দক্ষিণ আফ্রিকার হয়ে খেলার যোগ্যতা পেতে আরও এক বছর লাগবে। অপেক্ষা করে দেখতে হবে কী হয়। তবে এটা (ইংল্যান্ড দলে ডাক পাওয়া) অবশ্যই একটা অপশন। নিজেকে উপভোগ করছি। জীবনকে খুব সিরিয়াসলি নিচ্ছি না। আমি ভাগ্যবান যে ১০ বছর আন্তর্জাতিক ক্রিকেট ও ১০০ এর বেশি টেস্ট খেলতে পেরেছি।'
২০১৪ সালের অ্যাশেজে হারের পর ইংল্যান্ড দলে জায়গা হারান পিটারসেন। তখন দলের অধিনায়ক অ্যালিস্টার কুক ও কোচ অ্যান্ডি ফ্লাওয়ারের সমালোচনা করেছিলেন। এর আগে ২০১২ সাল থেকে ইংল্যান্ড দলের সাথে তার সম্পর্ক খারাপ হতে শুরু করে। দক্ষিণ আফ্রিকা দলের কাছে অ্যান্ড্রু স্ট্রসের দুর্বলতা জানিয়ে অনেক মোবাইল বার্তা পাঠানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। স্ট্রস এখন ইংল্যান্ডে বোর্ডের ক্রিকেট ডিরেক্টর। তিনি বারবারই বলে আসছেন দলে পিটারসেনের কোনও জায়গা নেই।
/এমআর/








