নাঙ্গারহারের গলিতে টেপ টেনিস বল হাতে শুরু হয়েছিল তার ক্রিকেটের গল্প। এরপর আফগানিস্তান থেকে ইউরোপের কঠিন যাত্রা। সেখানে শরণার্থী হিসেবে স্কটল্যান্ডে নতুন জীবন। তার পর তো মাত্র চার বছরের ব্যবধানেই আন্তর্জাতিক ক্রিকেটের দরজায় ২০ বছর বয়সী জাইনুল্লাহ ইহসান। আফগানিস্তানে জন্ম নেওয়া এই পেসার এখন স্কটল্যান্ডের ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায়।
২০২২ সালে কঠিন পথ পাড়ি দিয়ে আফগানিস্তান থেকে ইউরোপে শরণার্থী হিসেবে স্কটল্যান্ডে পৌঁছান জাইনুল্লাহ। গ্লাসগোতে যখন নতুন জীবন শুরু করেন, তখন ইংরেজি ভাষায় কথা বলতে পারতেন খুব সামান্যই। কিন্তু ক্রিকেট তার জন্য খুলে দেয় নতুন দরজা।
স্কটল্যান্ডে পৌঁছানোর মাত্র দুই সপ্তাহের মধ্যেই প্রতিযোগিতামূলক ক্লাব ক্রিকেটে খেলা শুরু করেন। প্রথম ম্যাচেই শিকার করেন চার উইকেট। দুর্দান্ত পারফরম্যান্সে দ্রুত জায়গা করে নেন ক্লাবের প্রথমসারির দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
আঞ্চলিক ক্রিকেট পেরিয়ে তার পর তো জায়গা করে নেন স্কটল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে। ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে একসময় ডাক আসে জাতীয় দলেও।
এ বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কটল্যান্ডের দলেও জায়গা পেয়েছিলেন তিনি। ইতোমধ্যে দেশের হয়ে দুটি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাও হয়ে গেছে তার। এবার ওয়ানডে অভিষেকের অপেক্ষা।
ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর অভিযানে কানাডা ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামছে স্কটল্যান্ড। আর এই সিরিজেই আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক হতে পারে জাইনুল্লাহর।
ক্রিকেটের বাইরে নিজেকে এগিয়ে নিচ্ছেন তিনি। স্কটল্যান্ডে এসে ইংরেজি ভাষায় উল্লেখযোগ্য উন্নতি করেছেন। পাশাপাশি চালিয়ে যাচ্ছেন পড়াশোনাও।








