আসন্ন ত্রি-দেশীয় সিরিজে খেলার যোগ্যতা নেই ক্যারিবীয় তারকা ড্যারেন স্যামি ও ক্রিস গেইলের! কিন্তু প্রতিপক্ষদের হারাতে এদের বিকল্প নেই। তাই তাদের ওয়ানডে দলে অন্তর্ভূক্ত করতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আহ্বান জানিয়েছেন কোচ ফিল সিমন্স।
ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা পেতে হলে ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী ঘরোয়া লিগে পারফরম করতে হয়। সে হিসেবে গেইল-স্যামির সম্ভাবনা শূন্য। এমন অবস্থায় বোর্ডের নীতি পরিবর্তন প্রয়োজন মনে করছেন সিমন্স।
সিমন্স বলেছেন, ‘বেশ কিছুদিন ধরেই একটা কথা শোনা যাচ্ছে। যারা ঘরোয়া লিগে খেলছে না তারা নির্বাচনের যোগ্য হবে না। কিন্তু এখানে বিশ্বমানের ৭-৮জন ক্রিকেটার আছেন। তাদের দলে না নিলে বাকি দুই দল ত্রি-দেশীয় সিরিজে সুযোগ পেয়ে যাবে। কারণ গেইল, স্যামি, রাসেলদের ছাড়া ঘরের মাঠে ক্যারিবীয়দের বিরুদ্ধে খেলা মানে আরও সহজ।’
এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে র্যাংকিংয়ে নবম স্থানে অবস্থান করছে। কিন্তু আগামী ২০১৯ ইংল্যান্ড বিশ্বকাপে সরাসরি স্থান পেতে হলে র্যাংকিংয়ে অষ্টম স্থানে থাকতেই হবে ক্যারিবীয়দের। আর তাই গেইল-স্যামির উপস্থিতি প্রয়োজন বলে মনে করছেন ক্যারিবীয়দের কোচ সিমন্স। ত্রি-দেশীয় সিরিজে আগামী জুনে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার কথা ওয়েস্ট ইন্ডিজের।
/এফআইআর/








