অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে ব্যাটিং ব্যর্থতার চরম নজির গড়েছে বাংলাদেশ। এক টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হয়ে লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে টাইগাররা।
টেস্ট ইতিহাসে এই প্রথম বাংলাদেশ একই ম্যাচে দুইবার ১০০ রানের নিচে অলআউট হয়েছে। আরও বিব্রতকর বিষয় হলো, ২১ বছর পর প্রথমবার কোনো দল একটি টেস্টের দুই ইনিংসেই ১০০ রানের নিচে অলআউট হওয়ার নজির গড়েছে। প্রথম ইনিংসে তারা করেছে ৬৪ রান, দ্বিতীয় ইনিংসে ৯৫।
ফলে ম্যাচটি অস্ট্রেলিয়ার মাটিতে খেলা দ্বিতীয় সংক্ষিপ্ততম টেস্ট হিসেবেও নাম লিখিয়েছে। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে এটি চতুর্থ সংক্ষিপ্ততম ম্যাচ।
ম্যাকাইতে অনুষ্ঠিত এই টেস্টে শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। একের পর এক উইকেট হারিয়ে দুই ইনিংসেই বড় ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় দলটি। ফলে ম্যাচটি মাত্র দুই দিনেরও কম সময়ে শেষ হয়েছে। তারা হেরেছে এক ইনিংস ও ৫১ রানের ব্যবধানে। তবে ডারউইনে ঐতিহাসিক জয়ে সিরিজ ১-১ সমতায় শেষ করার গৌরব অর্জন করেছে তারা।








