ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর ফাইনাল অনুষ্ঠিত হতে পারে বেঙ্গালুরুতে। এমনই আভাস পাওয়া যাচ্ছে।
অতিরিক্ত খরার কারণে ইতোমধ্যেই বোম্বে হাইকোর্ট আগামী ৩০ এপ্রিলের পর মহারাষ্ট্র থেকে সবগুলো আইপিএল ম্যাচ অন্য স্থানে সড়িয়ে নেওয়ার ব্যাপারে রুল জারি করেছেন। এর ফলে এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হতে যাচ্ছে বেঙ্গালুরুতে। সঙ্গে এলিমিনেটর ও দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি পুনে থেকে সড়িয়ে কলকাতায় আয়োজনেরও ইঙ্গিত পাওয়া গেছে।
দিল্লিতে মুম্বাই ইন্ডিয়ান্স ও রাইজিং পুনে সুপারজায়ান্টস-এর কর্মকর্তাদের সঙ্গে আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লাসহ লিগ গর্ভনিং কাউন্সিলের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পরেই এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
শুক্লা জানিয়েছেন, সুপারজায়ান্টস ইতোমধ্যেই পুনের বিকল্প হিসেবে ভিশাকাপত্তমের নাম তালিকায় দিয়েছে। যদিও তাদের পক্ষ থেকে ১ মে’র ম্যাচটি পুনেতেই আয়োজনের জন্য অনুরোধ জানানো হয়েছে। কারণ এত অল্প সময়ের মধ্যে তাদের পক্ষে নতুন একটি ভেন্যুতে সবকিছু আয়োজন সম্ভব নয়।
রবিবার মুম্বাই তাদের বিকল্প ভেন্যুর ব্যাপারে বিস্তারিত জানাবে। তারা ভেন্যু হিসেবে জয়পুর, রায়পুর কানপুরের নাম প্রস্তাব করতে পারে।
/এফআইআর/








