ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। কিন্তু সাম্প্রতিক সময়ে দলটির সাফল্য তেমন নেই বললেই চলে। সর্বশেষ সাফল্য বলতে ২০১১-১১ মৌসুমে রানার্সআপ। অবশ্য এর আগের আসরে তারা চ্যাম্পিয়ন হয়েছিল। তারপর থেকেই শিরোপা খরা চলছে ঐতিহ্যবাহী এই ক্লাবটির।
এবার ঢাকা প্রিমিয়ার লিগে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিমকে দলে পেয়ে আনন্দিত মোহামেডান স্পোর্টিং ক্লাব। শনিবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন মোহামেডানের কোচ সোহেল ইসলাম। সেখান তিনি বলেন, ‘মুশফিক বাংলাদেশ দলের সেরা ব্যাটসম্যানদের একজন। স্বাভাবিকভাবে তাকে দলে পেয়ে আমরা আনন্দিত। ও (মুশফিক) যেখানে ব্যাটিং করে, সেখান থেকে ও যদি লম্বা সময় খেলতে পারে, সেটা আমাদের দলের জন্য খুব ভালো হবে।'
তিনি আরও যোগ করেন, ‘মুশফিকের যে ধরনের অনুশীলন সুবিধা দরকার, তার সবই মোহামেডান দিচ্ছে। আর আমরা আপাতত একাডেমিতেই অনুশীলন করবো। এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছে। মুশফিক যেভাবে অনুশীলন চায়, সেভাবেই দেওয়া হচ্ছে।'
এবারের দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মনে করেন মোহামেডানের এই কোচ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দলটি ভারসাম্যপূর্ণ হয়েছে। প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে দল হয়েছে। স্বাভাবিকভাবেই পুরোপুরি মনমতো করা সম্ভব হয়নি। স্পিন এবং ব্যাটিং বিভাগ ভালো আছে। এখন আমাদের পেস বিভাগটাও একটু ভালো করতে হবে। আশা করি লিগে আমরা ভালো কিছুই করতে পারবো।'
বিদেশি ক্রিকেটার নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘টপ অর্ডারে আমরা একজন ভালো ব্যাটসম্যান খুঁজছি। যে বোলিংটাও করে দিতে পারবে। দুই চারজনের সঙ্গে আমাদের কথা চলছে। আমরা আসলে একজন ব্যাটিং অলরাউন্ডার খুঁজছি।’
/আরআই/এমআর/








