নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে ম্যাচটিতে টস জিতে বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন।
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে অধিনায়ক হিসেবে এটি নিগারের প্রথম টস জয়। ২০১৮ সালে এই ভারতকে হারিয়েই ঐতিহাসিক এশিয়া কাপ জিতেছিল বাংলাদেশ নারী দল। টসের পর সেই অতীত স্মৃতির কথা তুললে তিনি বলেন, ‘২০১৮ সালের জয় অনেক আগের ঘটনা। অবশ্যই সেটি ভালো স্মৃতি। তবে এটি গুরুত্বপূর্ণ ম্যাচ, কারণ হারলে এটিই আমাদের শেষ ম্যাচ হয়ে যেতে পারে।’
ভারতের অধিনায়ক হারমানপ্রীত কৌর অবশ্য টস জিতলে ব্যাটিংই করতে চেয়েছিলেন। তার মতে, স্কোরবোর্ডে রান তুলে রাখতে পারলে আত্মবিশ্বাস বাড়বে। তবে টি-টোয়েন্টিতে কোনো দলকেই হালকাভাবে নেওয়া যায় না বলেও সতর্ক করেছেন তিনি।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে অবশ্য বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড খুব একটা স্বস্তির নয়। ২০২৩ সালের জুলাইয়ের পর দুই দল আটবার মুখোমুখি হয়েছে, প্রতিবারই জয় পেয়েছে ভারত। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ে ভারতের জয় ২১টি, বাংলাদেশের ৩টি।
দুই দলই সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়ায়রিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, মারুফা আক্তার।
ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি বার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রীত কৌর (অধিনায়ক), রিচা ঘোষ (উইকেটকিপার), ভারতী ফুলমালি, দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, ক্রান্তি গৌড়, এন শ্রীচরণী, নন্দিনী শর্মা।









