দক্ষিণ আফ্রিকার মাটিতে ফিরছে বিশ্বকাপ। তবে এবার শুধু দক্ষিণ আফ্রিকা নয়, জিম্বাবুয়ে ও নামিবিয়াকে সঙ্গে নিয়ে আরও বড় পরিসরে বসবে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। তাতে করে ২৪ বছর পর আফ্রিকার মাটিতে ফিরছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ। ২০২৭ সালের ১৪ দলের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে তারা।
আগামী ১ অক্টোবর কেপটাউনে টুর্নামেন্টের সূচি প্রকাশ করবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ও ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ)। প্রতিযোগিতা শুরুর প্রায় এক বছর আগে সূচি প্রকাশের পাশাপাশি বিশ্বকাপের টিকিটের জন্য ব্যালটে নিবন্ধনও শুরু হতে পারে।
বিশ্বকাপটি ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা রয়েছে। তবে চূড়ান্ত সূচি প্রকাশের পরই উদ্বোধনের সঠিক তারিখ নিশ্চিত হবে। ২১ নভেম্বর ফাইনাল হওয়ার কথা।
কোন দলগুলো ২০২৭ বিশ্বকাপে জায়গা পেয়েছে?
২০২৭ বিশ্বকাপে খেলবে মোট ১৪টি দল। এর মধ্যে ১০টি দল সরাসরি এবং বাকি চারটি দল বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেবে।
সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা পেয়েছে। তৃতীয় সহ-আয়োজক নামিবিয়া অবশ্য স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে না। কারণ দেশটি আইসিসির পূর্ণ সদস্য নয়। তাই নির্ধারিত বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।
৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী সরাসরি বিশ্বকাপে যাওয়ার অবস্থানে থাকা আট দল হলো-
ভারত
নিউজিল্যান্ড
পাকিস্তান
অস্ট্রেলিয়া
ইংল্যান্ড
শ্রীলঙ্কা
আফগানিস্তান
বাংলাদেশ
বর্তমানে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা সহ-আয়োজক হিসেবে আগেই বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে। জিম্বাবুয়েও স্বয়ংক্রিয়ভাবে জায়গা পেয়েছে।
তবে সরাসরি বিশ্বকাপে জায়গা পাওয়া ১০ দলের চূড়ান্ত তালিকা ৩০ সেপ্টেম্বরের র্যাঙ্কিং কাট-অফের পর আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হবে।
আবারও বাছাইপর্বের পথে ওয়েস্ট ইন্ডিজ
দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ এবার সরাসরি বিশ্বকাপে জায়গা নাও পেতে পারে। তাদের বাছাইপর্ব পেরিয়েই বিশ্বকাপে যেতে হবে।
ক্যারিবীয় দলটি বর্তমানে সরাসরি বিশ্বকাপের জন্য নির্ধারিত আটটি স্পটের বাইরে রয়েছে। আয়ারল্যান্ডও বাছাইপর্বে খেলবে বলে ধারণা করা হচ্ছে। তাদের সঙ্গে থাকবে আরও কয়েকটি সহযোগী সদস্য দেশ।
২০২৭ বিশ্বকাপের বাছাইপর্ব হওয়ার কথা ২২ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত। সেখানে ১০টি দল চারটি বিশ্বকাপের জায়গার জন্য লড়বে।
বাছাইপর্বের সম্ভাব্য দলগুলো হলো-ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর শীর্ষ চার দল এবং কোয়ালিফায়ার প্লে-অফের শীর্ষ চার দল।
বাছাইপর্বের শীর্ষ চার দল বিশ্বকাপে জায়গা পাবে।
নামিবিয়াকেও বাছাইপর্ব পেরিয়ে বিশ্বকাপে যেতে হবে। ফলে তিন সহ-আয়োজকের একটি দলের বিশ্বকাপে খেলতে না পারার সম্ভাবনাও থাকছে।
কেমন হবে ২০২৭ বিশ্বকাপের ফরম্যাট?
১৪ দলের বর্ধিত বিশ্বকাপের জন্য নতুন তিন ধাপের ফরম্যাট চালু করেছে আইসিসি।
প্রথম ধাপে হবে ‘সুপার সিরিজ’। ১৪ দলের মধ্যে র্যাঙ্কিংয়ে সবচেয়ে নিচে থাকা তিন দল একে অপরের বিপক্ষে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। সেখান থেকে শীর্ষ দলটি পরের ধাপে যাবে।
দ্বিতীয় ধাপে থাকবে ১২টি দল। তাদের ছয়টি করে দুই গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি দল নিজেদের গ্রুপের অন্য দলগুলোর বিপক্ষে খেলবে।
গ্রুপ পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল পরের ধাপে যাবে। এর সঙ্গে দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলের মধ্যে সেরা দলটি যোগ হবে। ফলে সাত দল নিয়ে গঠিত হবে ‘সুপার ৭’ পর্ব।
সুপার ৭ পর্বে হবে ২১টি রাউন্ড-রবিন ম্যাচ। সেখান থেকে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল সেমিফাইনালে উঠবে।
সেমিফাইনালে প্রথম স্থানে থাকা দল খেলবে চতুর্থ স্থানে থাকা দলের বিপক্ষে। দ্বিতীয় স্থানে থাকা দল মুখোমুখি হবে তৃতীয় স্থানে থাকা দলের।
সেমিফাইনালের জয়ী দুই দল খেলবে বিশ্বকাপের ফাইনালে। সেখানেই নির্ধারিত হবে ২০২৭ সালের বিশ্বচ্যাম্পিয়ন।