অপেক্ষাকৃত তরুণদের নিয়ে দল গড়েছে প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ খেলতে আসা ক্রিকেট কোচিং স্কুল (সিসিএস)। তাদের দলের ৫ ক্রিকেটার সম্প্রতি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন। তরুণদের নিয়ে গঠিত এই দলটি নিয়ে আশাবাদী অধিনায়ক রাজীন সালেহ। এই দলটি নিয়ে আসন্ন প্রিমিয়ার লিগে ভালো ফাইট দিতে পারবেন বলে বিশ্বাস তার।
রাজিন সালেহ বলেন, ‘ম্যানেজম্যান্ট সব সময় বলেছে ভালো ক্রিকেট খেললেই হবে; দিন শেষে ফল আসবেই। অনেকেই বলছে যে আমরা রেলিগেশনের খাড়ায় পড়বো। আসলে এটা বলা ঠিক না। ক্রিকেট হচ্ছে মাঠের খেলা। আশা করি আমরা মাঠে ভালো ক্রিকেট খেলতে পারবো। ভালো খেলতে পারলে দিন শেষে আমরাও একটা ভালো রেজাল্ট পাবো। সবমিলিয়ে আমাদের চেষ্টা থাকবে অনন্তপক্ষে রেলিগেশন এড়ানো।'
এমন একটু তরুণ দল নিয়ে এতো বড় একটি আসর খেলা কতটা গুরুত্বপূর্ণ এমন প্রশ্নের উত্তরে রাজিন সালেহ বলেন, ‘আমি বলবো এই দলটি এর আগে কখনও প্রিমিয়ার লিগ খেলেনি। গত বছর প্রথম বিভাগে খেলে এবার প্রিমিয়ার লিগে উঠেছে। আমি বলবো না এ দলটা খারাপ। অনেক তরুণ ক্রিকেটার আছে। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার আছে। যারা অনেক সম্ভাবনাময়ী। তাদের যে সামর্থ্য আছে তারা যদি সেই কমিটমেন্ট অনুযায়ী খেলতে পারে তাহলে আশা রাখছি আমরা ভালো একটি জায়গায় চলে যেতে পারব।’
সিসিএসের ব্যাটিং ও ফিল্ডিংকে এগিয়ে রাখলেন রাজিন সালেহ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের দলের ব্যাটিং ও ফিল্ডিং বিভাগ বেশ ভালো। ইনশাআল্লাহ এ দিক দিয়ে বাকি বিভাগগুলো রিকভার করতে পারব।' নিজের ব্যাটিং পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমি চার নম্বরে ব্যাটিং করতে আশাবাদী। টিম চাচ্ছে ৫ নম্বরে ব্যাটিং করাতে। ৪-৫ কোনও সমস্যা না। যেখানেই ব্যাটিং করি ভালো খেলার চেষ্টা করব।’
/আরআই/এমআর/








