এক বলে ২৮৬ রান! সত্যি নাকি রূপকথা?

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৬, ১০:০০ আপডেট : ০৬ নভেম্বর ২০২৬, ১০:০০

এক বলে ৭ রান, এক বলে ২০ রান। ক্রিকেটে এমন অবিশ্বাস্য ঘটনার নজির আছে। এমনকি কোনো দল ৩ রান কিংবা শূন্য রানেই অলআউট হয়ে যাওয়ার ঘটনাও ক্রিকেটের বিচিত্র ইতিহাসের অংশ। কিন্তু এক বলে ২৮৬ রান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ক্রিকেটের পুরোনো এক কিংবদন্তিতে আছে এমনই এক ঘটনার গল্প। তবে সেটি সত্যি, নাকি নিছক কল্পকাহিনি। তার নির্ভরযোগ্য প্রমাণ আজও মেলেনি।

এক বলে ২৮৬ রানের এই অদ্ভুত গল্পের সূত্র হিসেবে উল্লেখ করা হয় লন্ডনভিত্তিক ইংরেজি সংবাদপত্র পল মল গেজেট-এর নাম। ১৮৯৪ সালের ১৫ জানুয়ারি পত্রিকাটির ‘স্পোর্টিং নোটস অ্যান্ড নিউজ’ বিভাগে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলের বানবুরিতে ভিক্টোরিয়া দল ও স্থানীয় খেলোয়াড়দের নিয়ে গড়া একটি একাদশের মধ্যে ম্যাচটি হয়েছিল।

ওই অনুযায়ী, প্রথমে ব্যাট করতে নামে ভিক্টোরিয়া। ইনিংসের প্রথম বলটি ব্যাটে লেগে মাঠের ভেতরে থাকা একটি বিশাল গাছের ডালে আটকে যায়।

এরপরই শুরু হয় অবিশ্বাস্য কাণ্ড। স্বাগতিক দল বল হারিয়ে গেছে দাবি করে আবেদন জানায়। কিন্তু আম্পায়াররা বলটি ঠিক কোথায় আটকে আছে, তা দেখতে পাচ্ছিলেন। ফলে বলটিকে ‘হারানো’ ঘোষণা করতে রাজি হননি তারা।

অগত্যা ভিক্টোরিয়ার ব্যাটাররা উইকেটের মধ্যে দৌড়াতে শুরু করেন। এদিকে গাছ থেকে বল নামানোর উপায় খুঁজতে থাকেন সংশ্লিষ্টরা। প্রথমে গাছ কাটার জন্য কুড়াল আনার চেষ্টা করা হয়। কিন্তু কুড়াল জোগাড় করা সম্ভব হয়নি। ততক্ষণে ব্যাটারদের দৌড় চলছেই।

এরপর বলটি নামাতে একটি রাইফেল নিয়ে আসা হয়। বেশ কয়েকবার লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর অবশেষে গুলিতে বলটি ডাল থেকে নিচে পড়ে। আশ্চর্যের বিষয়, কিংবদন্তির গল্প অনুযায়ী, মাটিতে পড়ার আগে বলটি কেউ ধরতে পারেননি।

ততক্ষণে ব্যাটাররা দৌড়ে ২৮৬ রান তুলে ফেলেছেন! এক বল থেকে সর্বোচ্চ রান করার বিশ্বরেকর্ড গড়ার গল্পটি সেখানেই তৈরি হয়।

গল্পে আরও বলা হয়, এরপরই ইনিংস ঘোষণা করে ভিক্টোরিয়া। ফলে ক্রিকেট ইতিহাসের অন্যতম সংক্ষিপ্ত ইনিংসের সমাপ্তি ঘটে। আর কিংবদন্তি সত্যি হলে, ম্যাচটিও জিতে যায় ভিক্টোরিয়া।

সত্যি, নাকি নিছক রূপকথা?

গল্পটি যতই রোমাঞ্চকর হোক, বাস্তবে এমন ঘটনা ঘটেছিল তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশিত হলেও সেসব প্রতিবেদনের সূত্র ছিল সেই পল মল গেজেট। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমও ঘটনাটি নিয়ে সংশয় প্রকাশ করেছিল। ওয়েস্টার্ন মেইল তো একে আখ্যা দিয়েছিল ‘বিশাল রূপকথা’ বলে।

হিসাব করলেও গল্পটির অস্বাভাবিকতা স্পষ্ট হয়। উইকেটের মধ্যে দৌড়ে ২৮৬ রান করতে হলে ব্যাটারদের প্রায় ছয় কিলোমিটার দৌড়াতে হতো। অথচ তখন বলটি একটি গাছ থেকে নামানো হচ্ছিল। বাস্তবতার বিচারে ঘটনাটি বিশ্বাস করা কঠিন।

তবু ক্রিকেটের বিচিত্র ইতিহাসে এক বলে ২৮৬ রানের এই গল্প আজও টিকে আছে!

 

/এফআইআর/
সম্পর্কিত
দারুণ শুরুর পর হতাশায় প্রথম দিন শেষ বাংলাদেশের 
শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ
বয়স কেবল সংখ্যা, বিরাটের ব্যাটে এখনো রেকর্ড ভাঙার ক্ষুধা
সর্বশেষ খবর
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
চুরি করতে গিয়ে স্থানীয়দের ধাওয়া, ডাব গাছে উঠে সাড়ে তিন ঘণ্টা আটকা যুবক
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
এক বিছানায় শুয়েই ফ্রান্স ও সুইজারল্যান্ড ভ্রমণ!
নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা
নভেম্বরে বঙ্গোপসাগরে দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা
সর্বাধিক পঠিত
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
ভারতীয় ভিসা আবেদনে নতুন নির্দেশনা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
আত্মসমর্পণ করতে আদালতে পরীমণি, ঘিরে রেখেছেন নিরাপত্তারক্ষীরা
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
১০ হাজার টাকায় ভাড়া দেওয়া সিমে তিন দিনে ২ কোটি লেনদেন, যুবক গ্রেফতার
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
এনসিপিতে যোগ দিচ্ছেন ফারজানা আফরোজ
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি
ক্লাসরুমে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেওয়ায় ৯ শিক্ষার্থীকে একসঙ্গে টিসি