আগের তিন ম্যাচের তিনটিতেই জিতে যেন আকাশে উড়ছিল এবারের আইপিএলে নবাগত দল গুজরাট লায়ন্স। এদিন সুরেশ রায়নার দলকে মাটিতে নামালো মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। নবম আসরে প্রথমবারের মতো ১০ উইকেটের জয় তুলে নিয়েছে ডেভিড ওয়ার্নারের দল।
শুক্রবার রাতে গুজরাট লায়ন্সকে পাত্তাই দিলো না হায়দরাবাদ। কোনও উইকেট না হারিয়েই জয় ছিনিয়ে নিলেন ডেভিড ওয়ার্নাররা। তাও আবারে ৩১ বল বাকি থাকতেই!
টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সানরাইজার্স অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এদিন দুর্দান্ত বোলিং করেন মুস্তাফিজুর রহমান, ভুবনেশ্বর কুমার আর বারিন্দার স্রানরা। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে মুস্তাফিজ তুলে নেন ১টি উইকেট। তাদের দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় স্বাগতিক গুজরাট লায়ন্স।
ব্যাট হাতে শুরুতেই বিপদে পড়ে গুজরাট। রান তোলার আগেই আউট হয়ে যান অ্যারন ফিঞ্চ। ১৭ বলে ১৮ রান করে আউট হয়ে যান ব্রেন্ডন ম্যাককালামও। ৫১ বলে ৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন গুজরাটের অধিনায়ক রায়না। অথচ এই ইনিংসে নেই কোনও ছক্কার মার। ৯টি ছিল বাউন্ডারির মার। বাকিগুলো এসেছে সিঙ্গেল-ডাবল থেকে। এছাড়া ১৪ রান করেন রবীন্দ্র জাদেজা। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। মুস্তাফিজের বলে বোল্ড হলেন সদ্য বিয়ে করে আসা রবীন্দ্র জাদেজা।
১৩৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৪.৫ ওভারে ম্যাচ জিতে মাঠ ছাড়েন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও শেখর ধাওয়ান। ওয়ার্নার ৪৮ বলে অপরাজিত ৭৪ রান করেন। ৪১ রানে অপরাজিত ৫৩ রান করে ধাওয়ান।
/এমআর/








