ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম দিনে চার বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আম্পায়াররা। চার স্পিনার হলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সের বামহাতি স্পিনার মঈনুল ইসলাম ও ডানহাতি স্পিনার মুস্তাফিজুর রহমান, আবাহনীর ও প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বামহাতি স্পিনার অমিত কুমার ও রেজাউল করিম।
প্রাইম দোলেশ্বরের স্পিনার রেজাউল করিম ২০০৬-২০০৭ মৌসুমেও বোলিং অ্যাকশনের কারণে আম্পায়ারদের নজরে এসেছিলেন। তার বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্টও করেছিলেন আম্পায়াররা।
প্রথম ম্যাচ শেষে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কোচ মোহাম্মদ সালা্হউদ্দিন তার দুই বোলারের বোলিং অ্যাকশনের সন্দেহের বিষয়টি জানতে পারেন। লিস্ট ‘এ’ অভিষেক ম্যাচেই সন্দেহের তালিকায় মঈনুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
সালাহউদ্দিন বলেন,‘প্রথম ম্যাচ শেষে আম্পায়ারের কাছ থেকে আমাদের ম্যানেজার একটি কাগজ হাতে পান। আম্পায়ারদের সঙ্গে কথা বলে জানতে পারি, আমার দুই স্পিনার মুস্তাফিজুর রহমান ও মঈনুল ইসলামের কয়েকটি বল নিয়ে তারা সন্দেহ প্রকাশ করেছেন। তবে বোর্ড থেকে সিদ্ধান্ত জানানোর আগ পর্যন্ত তাদের খেলা চালিয়ে যেতে কোনও বাঁধা নেই।’
আম্পায়াররা বিসিবির আম্পায়ার্স কমিটির কাছে তাদের রিপোর্ট জমা দিয়েছেন। হিসেব অনুযায়ী আম্পায়ার্স কমিটি সেই রিপোর্ট জমা দিবেন বোলার রিভিউ কমিটির কাছে। যদিও লিগ শুরু হলেও বোলার রিভিউ কমিটি এখনও তৈরি করতে পারেনি বিসিবি।
/আরআই/এমআর/








