ভালো খেলার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের সেরা পারফরমারদের পুরস্কৃত করতো। সর্বশেষ ২০০৬-০৭ মৌসুমে এমন আয়োজন করেছিলো বিসিবি। এরপর কেটে গেছে প্রায় দশ বছর। কিন্তু এমন অনুষ্ঠান আর আয়োজন করেনি বিসিবি।
তবে রবিবার মিরপুর স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের সংবাদ সম্মেলনে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানালেন, চলতি বছরই সুবিধামতো কোনও সময়ে অ্যাওয়ার্ড নাইট প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অ্যাওয়ার্ড নাইট অনেক দিন ধরে হচ্ছে না। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে যারা ভালো খেলেছেন তাদেরকে এ বছর পুরস্কৃত করা হবে। এটাও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এছাড়া ২০০৮ সালের পর থেকে ঘরোয়া টুর্নামেন্টের রানার্স-আপ ও চ্যাম্পিয়ন ট্রফি দলগুলোর মধ্যে বিতরণ করা হয়নি। তবে চলতি প্রিমিয়ার লিগ শেষে এই প্রক্রিয়া সম্পাদন করা হবে বলে জানান জালাল ইউনুস। তিনি বলেন, ‘২০০৮ সালের পর থেকে আমরা রানারআপ ও চ্যাম্পিয় ট্রফি বিতরণ করতে পারিনি। সিসিডিএম এবার সিদ্ধান্ত নিয়েছে এই লিগ শেষ হওয়ার পর এ বছরসহ যেসব ট্রফি দেওয়া বাকি আছে সেগুলো একটি অনুষ্ঠানের মাধ্যমে দেওয়া হবে।’
/আরআই/এমআর/








