ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে মঙ্গলবার ফের মাঠে নামছে মুস্তাফিজুর রহমানের দল সানরাইজার্স হায়দরাবাদ। আজ মহেন্দ্র সিং ধোনির দল রাইজিং পুনে সুপার জায়ান্টসের বিপক্ষে খেলবে সানরাইজার্স।
রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ রাত সাড়ে ৮টায় নিজেদের ষষ্ঠ ম্যাচে মাঠে নামার আগে হায়দরাবাদের চেয়ে হয়তো মুস্তাফিজকে নিয়েই বেশি ভাবছেন ধোনি! কারণ দিনের পর দিন আরও জ্বলে উঠছেন মুস্তাফিজ।
গত ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে মুস্তাফিজ দিয়েছিলেন মাত্র ৯ রান। উইকেট তুলে নিয়েছিলেন দুটি। নিজের ২৪ বলের মধ্যে ১৭টিই ছিল ডট! বাকি বলগুলোর মধ্যে ছিল সিঙ্গেল বা দুই রান। একটি চার কিংবা ছক্কা হজম করতে হয়নি মুস্তাফিজকে। ফলে সেরা পারফরম্যান্সের জন্য ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।
আইপিএল-এর নবম আসরে পাঁচ ম্যাচে মুস্তাফিজের মোট উইকেট এখন সাতটি। শীর্ষ ১১ উইকেট শিকারির তালিকায় মুস্তাফিজ একমাত্র মেডেন আদায় করে নেওয়া বোলার।
এদিকে মুস্তাফিজের মতো দুর্দান্ত অবস্থায় রয়েছে তার দল সানরাইজার্স। প্রথম দুই ম্যাচে হারের পর তিনটিতে টানা জয় পেয়েছে সানরাইজার্স। ৬ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান চতুর্থ। সেখানে রাইজিং পুনে পাঁচটি ম্যাচ খেললেও জয় মাত্র একটিতে। হার বাকি চারটিতে। মাত্র ২ পয়েন্ট অর্জন করা ধোনিদের অবস্থান এখন সপ্তমে।
এ অবস্থায় মুস্তাফিজের বিপক্ষে কেমন খেলবে ধোনির দল। তা দেখতে কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে দর্শকদের!
/এফআইআর/








